
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের মতি মিয়া ও সাদু মিয়ার পরিবারের কয়েকজন সদস্য সৌদি আরবে এক ফ্ল্যাটে থাকেন। গ্রামের পূর্ববিরোধ নিয়ে আগের দিন রোববার দুই পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হয়। ওই বিবাদের সূত্র ধরে আজ সোমবার সকালে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় মতি মিয়ার লোকজন। হামলায় প্রাণ যায় সাদু মিয়ার ভাই কালা মিয়ার (৬০)। আহত হন সাদু মিয়ার পরিবারের আরও কয়েকজন।
এলাকাবাসী জানায়, জায়গাজমি নিয়ে মতি মিয়া ও সাদু মিয়ার পরিবারের বিরোধ কয়েক বছর আগ থেকে। দুই বছরের ব্যবধানে তাঁদের মধ্যে বেশ কয়েকবার বিরোধ হয়। তবে সৌদি আরবে দুই পরিবারের কয়েকজন একটি ফ্ল্যাটে থাকেন। কয়েক দিন আগে জায়গাজমি নিয়ে নতুন করে দুই পক্ষের উত্তেজনা বাড়ে। রোববার সৌদি আররে একই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই খবর গ্রামে এসে পৌঁছানোর পর উভয়পক্ষ একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেয়। আজ সকাল আটটার দিকে মতির পক্ষ হামলা চালায়। প্রতিপক্ষের বল্লমের আঘাতে কালা মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে মতির পক্ষের তৌহিদ মিয়া, সবুজ মিয়া, জহির মিয়া ও সামাদ মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাদু মিয়ার পক্ষের হারুন মিয়া বলেন, ‘মতির পক্ষের চাওয়া, আমরা যেন এই গ্রামে না থাকি। গ্রাম ছেড়ে যাচ্ছি না বলেই নতুন করে আমাদের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে আসছে।’
তবে মতি মিয়ার দাবি, সাদু মিয়ার লোকজন দেশে ও দেশের বাইরে তাঁদের লোকজনকে নানাভাবে হয়রানি করায় নতুন করে উত্তেজনা তৈরি করে। কালা মিয়া তাঁদের হামলায় মারা যাননি বলে দাবি মতি মিয়ার।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে।