নাটোরে হেরোইন রাখার দায়ে পাঁচ বছর কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

নাটোরে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে মো. আলমগীর (৩২) নামের এক ব্যক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. কামরুন্নাহার বেগম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. আলমগীর রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের আমজাদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৯ জুলাই দুপুরে নাটোর পশ্চিম বাইপাস মোড়ে নাটোর-রাজশাহী মহাসড়কে অবস্থানকালে মো. আলমগীরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযান দল। নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী উপপরিদর্শক লাল মাহামুদ তাঁর দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন পান। পরে এ ব্যাপারে মামলা করা হয়। মামলাটি বিচারের জন্য অতিরিক্ত দায়রা জজ আদালতে এলে সাক্ষ্য গ্রহণ শেষে মো. আলমগীরকে দোষী সাব্যস্ত করে আজ দণ্ডাদেশ দেওয়া হয়।

অতিরিক্ত দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।