রংপুর সিটি করপোরেশন : ওয়ার্ড- ২৮, ২৯ ও ৩০

দুর্বল পয়োনিষ্কাশনব্যবস্থা, অলিগলিতে নেই নালা 

অলিগলিতে নালা নেই। তবে প্রধান সড়কের পাশে নালা নির্মাণ করা হয়েছে। সড়কগুলোও পাকা করা হয়েছে। 

রহমতুল্লাহ, শাহাদত হোসেন ,মুক্তার হোসেন, এমরাউল হাসান, মালেক নিয়াজ ও জাহাঙ্গীর আলম
রহমতুল্লাহ, শাহাদত হোসেন ,মুক্তার হোসেন, এমরাউল হাসান, মালেক নিয়াজ ও জাহাঙ্গীর আলম

রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডটি জেলার সবচেয়ে পুরোনো এলাকা। ওয়ার্ডের মাহিগঞ্জ এলাকার বাসিন্দা আইনজীবী পলাশ কান্তি নাগ। সেই সঙ্গে মহানগর নাগরিক কমিটির সদস্যও তিনি। পলাশ কান্তি বলেন, প্রধান সড়কে নালা নির্মাণ হয়েছে। কিন্তু বিভিন্ন পাড়ামহল্লার বাসাবাড়ির পানি কোথায় যাবে? এ জন্য ছোট ছোট সড়কে কোনো নালা নির্মাণ করা হয়নি। ফলে পয়োনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। এ ছাড়া পাইপ লাইনের মাধ্যমে সিটি করপোরেশনের সরবরাহ করা পানি মিললেও সেটা কখনো আসে, কখনো আসে না।

দেওয়ানটুলি, ফতেপুর, বড় রংপুর, আফানউল্লাহ ও কাপুরিয়া রোড, জেবিসেন রোড, মাহিগঞ্জ রোড, রথবাড়ি, কুচবিহার রোড, তাজহাট চকবাজার, কানুনগো টোলা, ধুমখাটিয়া, খোর্দ রংপুর, কসাইবাড়ি, কসাইটুলি, কলাবাড়ি, গোদাসিমলা নিয়ে ২৯ নম্বর ওয়ার্ড গঠিত। 

প্রধান সড়কে নালা নির্মাণ করা হয়েছে। কিন্তু বাসাবাড়ির পানি কোথায় যাবে? এ জন্য ছোট ছোট সড়কে কোনো নালা নির্মাণ করা হয়নি। 
পলাশ কান্তি নাগ, ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা

সরেজমিনে দেখা গেছে, অলিগলিতে নালা নেই। তবে প্রধান সড়কের পাশে নালা নির্মাণ করা হয়েছে। সড়কগুলোও পাকা হয়েছে। কিছু কিছু এলাকায় সড়কবাতি অপ্রতুল। তবে নতুন ভবন খুব একটা দেখা যায়নি। 

২৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মুক্তার হোসেন (স্বতন্ত্র) বলেন, ‘আমি এলাকার উন্নয়নে যথেষ্ট চেষ্টা করেছি। রাস্তা পাকা করেছি। সড়কবাতিও লাগানো হয়েছে। কিন্তু বরাদ্দ কম থাকায় জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন করতে পারিনি। পুনরায় নির্বাচিত হলে বাকি কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব।’

এই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগ সমর্থক এমরাউল হাসান চৌধুরী বলেন, এই এলাকাটি হলো জেলার আদি শহর। তবে এখানে তেমন একটা উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করে অলিগলিতেও নালা নির্মাণ করবেন। 

পশ্চিম খাসবাগ, জি এল রায় রোড, বীর ভদ্র, নাচনিয়া, কাচু, পূর্ব খাসবাগ, বোতলা, দখিগঞ্জ, কুটিরপাড়া এলাকা নিয়ে ৩০ নম্বর ওয়ার্ড। স্থানীয়রা বলেন, এ এলাকায় নতুন একটি সরকারি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। যার নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এলাকার পরিবেশ এখনো গ্রামীণ। তবে সড়কগুলো পাকা হয়েছে। প্রতিটি এলাকায় নালা নির্মাণ না হওয়ায় পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে ওঠেনি। 

এলাকার বাসিন্দারা বলেন, ওয়ার্ডের অর্ধেক এলাকায় গরুর খামার রয়েছে। অধিকাংশ এলাকায় নালা নির্মাণ না হওয়ায় খামারসহ বাসাবাড়ির লোকজনের ভোগান্তি হচ্ছে। সেই সঙ্গে খামারের বর্জ্য নির্দিষ্ট সময় পর পর অপসারণ না করায় পরিবেশ দূষিত হচ্ছে। 

৩০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজ (স্বতন্ত্র) বলেন, প্রধান সড়কে নালা নির্মাণ হয়েছে। তবে অলিগলির রাস্তায় নালা নির্মাণ করা হলে খামারিরা সুবিধা পেতেন। তিনি পুনরায় নির্বাচিত হলে পয়োনিষ্কাশনের ব্যবস্থা গড়ে তুলবেন।

এই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ অঞ্চলটি আগে থেকেই অবহেলিত। এখনো চারপাশে আবাদি জমি। তিনি নির্বাচিত হলে পরিকল্পনামাফিক বাড়িঘর ও নালা নির্মাণের উদ্যোগ নেবেন।

২৮ নম্বর ওয়ার্ডের অধীনে আছে আশরতপুর, চিনিয়াপাড়া, এরশাদনগর, তাজহাট, আলমনগর খেরবাড়ি, কারমাইকেল কলেজ, ক্যাডেট কলেজ, দর্শনা পাহাড়ি এলাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে হওয়ায় এসব এলাকায় শিক্ষার্থীদের বাসস্থানের জন্য নতুন নতুন ভবন নির্মাণ হয়েছে। এখনো সব অলিগলিতে নালা নির্মাণ হয়নি। 

এলাকাবাসী বলেন, যেহেতু এখানে শিক্ষার্থীরা থাকেন, তাই এসব স্থানে এ জন্য নালা নির্মাণে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রাখতে হবে। 

২৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সহসভাপতি রহমতুল্লা বাবলা। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বাত্মক চেষ্টা রয়েছে। পাকা সড়ক ও সড়কবাতি রয়েছে। পুনরায় নির্বাচিত হলে সব পাড়ামহল্লায় নালা নির্মাণ করবেন।

এই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন বলেন, নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।