করতোয়ায় নৌকাডুবি

আর কোনো লাশ মেলেনি, বাড়ানো হয়েছে তদন্ত কমিটির সময়

দুর্ঘটনাস্থল করতোয়া নদীর দুই পাড়ে স্থানীয় লোকজনের ভিড়
ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনে নতুন করে কোনো লাশ পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজনের সঙ্গে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এদিকে এ ঘটনায় করা তদন্ত কমিটির প্রধানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দাখিলের মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।

আজ বুধবার দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে (ইউপি) খোলা তথ্যকেন্দ্রে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও ঘটনার তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়। গতকাল মঙ্গলবার রাতে তিনি জেলা প্রশাসকের কাছে সময় বাড়ানোর আবেদন করেছিলেন বলে জানান।

গত রোববার দুপুরে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তালিকা অনুযায়ী, এখনো চার যাত্রী নিখোঁজ। স্থানীয় লোকজনের সঙ্গে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

আজও স্বজন হারানো মানুষের কেউ কেউ তাঁদের প্রিয়জনকে ফিরে পেতে নদীর ঘাটে অপেক্ষা করছেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে উদ্ধার অভিযান চললেও এখন পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি। তদন্ত কমিটির লোকজন লাশ উদ্ধার, হস্তান্তর এবং অর্থ সহায়তা দেওয়ার কাজ করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁরা প্রতিবেদন দাখিলের মেয়াদ তিন দিন বাড়ানোর আবেদন করেছেন। সবকিছু বিবেচনা করে প্রতিবেদন দাখিলের সময় তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। যে চারজন নিখোঁজ, তাঁরা উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে।