পটুয়াখালীতে অপহরণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে মায়ের মামলার এক বছরের মাথায় ছেলে মো. মাসুম বিল্লাহকে (২৭) জীবিত উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিআইডির পটুয়াখালী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এর আগে ‘নিখোঁজের’ ঘটনার দেড় বছর পর গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে মাসুম বিল্লাহকে উদ্ধার করে সিআইডি।
মাসুম বিল্লাহর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মুসল্লীয়াবাদ গ্রামে। সিআইডি বলছে, শ্বশুরের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে আত্মগোপনে যান মাসুম। এরপর শ্বশুরকে শায়েস্তা করতে পরিবারের সঙ্গে পরিকল্পনা করে মাকে দিয়ে অপহরণ ও হত্যা মামলা করান।
ব্রিফিংয়ে সিআইডি জানায়, মাসুম বিল্লাহ মুসল্লীয়াবাদ গ্রামের মো. ইউনুস ওরফে বাবুল মিয়ার মেয়ে তামান্না বেগমকে বিয়ে করে ওই এলাকায়ই বসবাস করে আসছিলেন। বিয়ের পর থেকেই মাসুম বিভিন্ন সময়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন ব্যবসা করছিলেন। বারবার টাকা দাবি করা নিয়ে শ্বশুরের সঙ্গে মাসুমের বিরোধ বাধে। এ নিয়ে ইউনুস বাদী হয়ে জামাতা বাবুলের নামে মামলাও করেন।
এই দ্বন্দ্বের একপর্যায়ে নিখোঁজ হন মাসুম। তাঁর মোসা. কুলসুম বেগম ২০২২ সালের ১৬ জানুয়ারি মাসুমকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার অভিযোগ এনে কলাপাড়া আদালতে মামলা করেন। মামলায় মাসুমের শ্বশুর ইউনুস মিয়া, শাশুড়ি নুরজাহান বেগম ও স্ত্রী তামান্না বেগমকে আসামি করা হয়। মামলায় বলা হয়, ২০২১ সালের ১০ জুন রাত আনুমানিক ১০টার দিকে মো. মাসুম বিল্লাহকে শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী মিলে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে। আদালত মামলাটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য পটুয়াখালী সিআইডিকে নির্দেশ দেন।
সিআইডি কর্মকর্তারা জানান, মামলার পর তদন্তে নেমে সিআইডি মাসুমের পরিবার ও আশপাশের বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। একপর্যায়ে প্রায় ১৫ দিন আগে মাসুমের স্ত্রীর কাছে একটি ফোনকলের সূত্র ধরে মাসুমের সন্ধান পাওয়া যায়। এরপর ১৪ ফেব্রুয়ারি রাত দিবাগত দেড়টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে সিআইডি তাঁকে জীবিত উদ্ধার করে।
মাসুম বিল্লাহকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, মাসুম বিল্লাহ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দায় থেকে অব্যহতি পাওয়ার জন্য এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে করে স্বেচ্ছায় আত্মগোপনে যান। এরপর মা কুলসুম বেগমকে বাদী করে মামলা করান।
প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর, মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা এসআই নিমাই চন্দ্র মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআই নিমাই চন্দ্র মণ্ডল জানান, উদ্ধার মাসুম বিল্লাহকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে আদালত তাকে তাঁর বাবার জিম্মায় দিয়েছেন।