লাশ উদ্ধারের খবরে ছুটে আসেন নিহত নারীর প্রতিবেশী ও স্বজনেরা। আজ সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায়
লাশ উদ্ধারের খবরে ছুটে আসেন নিহত নারীর প্রতিবেশী ও স্বজনেরা। আজ সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায়

রান্নাঘরে কম্বলে মোড়ানো ছিল নারীর রক্তাক্ত লাশ

খাগড়াছড়ির মানিকছড়িতে রান্নাঘর থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকার একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম রাম্রা মারমা (৪১)। তিনি ৩ ছেলে ও ১ কন্যাসন্তানের জননী। তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের রক্তাক্ত জখম রয়েছে। এ ছাড়া গলায়ও আঘাতের কালো দাগ রয়েছে বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।

রাম্রা মারমার মেয়ে আনুমা মারমা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে তিনি ও তাঁর মা রাতের খাবার খেয়ে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান, মা শয়নকক্ষে নেই। পরে খোঁজাখুঁজি করে রান্নাঘরে পাতা একটি বিছানায় কম্বল মুড়ি দেওয়া অবস্থায় তাঁর মায়ের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

জানতে চাইলে মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কিছু দিয়ে আঘাত করে ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।