
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ সোমবার সকাল থেকে বরগুনা উপকূলে থেমে থেমে ভারী বৃষ্টি ঝরছে। আগামী এক-দুই দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, লঘুচাপটি দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী এলাকা ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর পুরো প্রভাব পড়েছে উপকূলীয় এলাকায়। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী এক-দুই দিন উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরবে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা ট্রলারগুলো উপকূলে ফিরতে শুরু করেছে। এর মধ্যে অর্ধেকের বেশি ট্রলার পাথরঘাটায় ফিরেছে। বাকিগুলো নিরাপদ আশ্রয়ের জন্য তীরের দিকে আসছে।
কৃষি অধিদপ্তর বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ২ হাজার ৮০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। আবহাওয়ার তথ্য অনুসারে দুই-তিন দিনের বৃষ্টিতে সবজির ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।
বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের কৃষক খলিলুর রহমান জানান, পাঁচ শতক জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ করার জন্য জমি প্রস্তুত করেছিলেন তিনি। জমিতে লালশাকের বীজ রোপণ করেছিলেন। কিন্তু দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে তা নষ্ট হয়ে গেছে।