ভাইয়ের চিৎকার শুনে সেপটিক ট্যাংকে যান আরেক ভাই, দুজনকেই মৃত উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

বসতঘরের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শাহাদাত হোসেন (৪৫) ও শহিদুল ইসলাম (২৫)। একই ঘটনায় অসুস্থ হয়ে তাঁদের বাবা আনোয়ার হোসেন (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার রাত ১১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ বহদ্দারহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মীয়স্বজন ও পুলিশ জানিয়েছে, গত সোমবার থেকে দক্ষিণ বহদ্দারহাটা এলাকার আনোয়ার হোসেনের বসতঘর বন্যার পানিতে প্লাবিত ছিল। গতকাল বিকেলের দিকে পানি নেমে গেলে রাত ১১টার দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ঢোকেন আনোয়ার হোসেন ও তাঁর ছেলে শহিদুল ইসলাম। তাঁরা সেখানে কেরোসিন ও ব্লিচিং পাউডার ছিটান। একপর্যায়ে চিৎকার দেন শহিদুল। তাঁর চিৎকার শুনে সেপটিক ট্যাংকের ভেতরে যান শাহাদাত হোসেন। পরে তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আনোয়ার হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সিরাজুম মুনির বলেন, ‘সেপটিক ট্যাংক দীর্ঘদিন বন্ধ অবস্থায় থাকলে ভেতরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতর অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হয়েছে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।