চা-শ্রমিক অর্থসহায়তা

শ্রীমঙ্গলে কার্ডের জন্য টাকা আদায়ের অভিযোগ

স্থানীয় কালীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দয়াল বুনার্জী ও তাঁর ছেলে মনিশংকর বুনার্জীর বিরুদ্ধে ওই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

  • প্রায় ৫০ শ্রমিকের কাছ থেকে ৩০০ টাকা করে নেন দয়াল ও মনিশংকর বুনার্জী।

  • গত বৃহস্পতিবার খাইছড়া চা–বাগানের নাট মন্দিরে ভুক্তভোগী চা–শ্রমিকেরা প্রতিবাদ সভা করেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা–বাগানে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় চা-শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচির অন্তর্গত এককালীন নগদ অর্থসহায়তার কার্ড বিতরণে চা–শ্রমিকদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় কালীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দয়াল বুনার্জী ও তাঁর ছেলে মনিশংকর বুনার্জীর বিরুদ্ধে ওই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার থেকে কার্ড বিতরণকালে প্রায় ৫০ শ্রমিকের কাছ থেকে ৩০০ টাকা করে নেন দয়াল ও মনিশংকর বুনার্জী। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে খাইছড়া চা–বাগানের নাট মন্দিরে ভুক্তভোগী চা–শ্রমিকেরা জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন।

খাইছড়া চা–বাগানের সবিতা বাড়াইক বলেন, ‘দয়াল মেম্বারের ছেলে আমাদের বলে, “আইডি কার্ড যে দিছো টাকার জন্য, সরকার থেকে তোমাদের টাকা আইছে, পাঁচ হাজার টাকা। এখন ৩০০ টাকা দেও, আমি কার্ড দিচ্ছি।” তখন আমরা বলি, ৩০০ টাকা কই পামু? তখন মেম্বারের ছেলে বলে, “টাকা না দিলে তুমি মেম্বারের কাছে যাইবা। আর ৩০০ টাকা নিয়ে যাইবা।” পরে ৩০০ টাকা দেওয়ার পর আমাদের কার্ড দিছে।’

বিপুল ভুঁইয়া নামের এক চা–শ্রমিক বলেন, ‘রাতের বেলা ঘরে ঘরে গিয়ে মেম্বারের ছেলে জানায় ৩০০ টাকা দিয়ে কার্ড নেওয়ার জন্য। টাকা না দিলে না কি কার্ড বাতিল হয়ে যাবে। ঋণ করে ৩০০ টাকা দিছি। আমাদের জন্যই যদি সরকার পাঁচ হাজার টাকা দিয়ে থাকে, তাহলে আমাদের ভয় দেখিয়ে, প্রতারণা করে কেন টাকা নিবে। আমরা এর বিচার চাই।’

খাইছড়া চা–বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পুষ্প দাশ পানিকা বলেন, ‘দুই দিন আগে সমাজসেবা থেকে কার্ড আসার পর চেয়ারম্যান কার্ড পাঠাইছে মেম্বারের কাছে। চেয়ারম্যান মেম্বারকে বলছে পঞ্চায়েত সভাপতি ও সর্দারকে দিয়ে তুমি কার্ড বিতরণ করবে। কিন্তু মেম্বার দয়াল আমাদের বলে নাই। আমরা শ্রমিকদের কাছ থেকে জানতে পারছি কার্ড বিতরণকালে মেম্বার ও তাঁর ছেলে ৩০০ করে বাড়তি টাকা নিচ্ছে। এ নিয়ে চা–বাগানে শ্রমিকদের মধ্যে ক্ষোভ প্রকাশ করছেন। যদি শ্রমিকদের টাকা ফেরত দেওয়া না হয় তাহলে চা–বাগানে শ্রমিকেরা ঝামেলা করবে। আজ ভুক্তভোগী শ্রমিকেরা একত্র হয়েছিল। আমরা কোনোরকমে তাদের বুঝিয়ে কাজে পাঠিয়েছি। সরকারের দেওয়া টাকা কেন এভাবে ঘুষ দিয়ে নিতে হবে? এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।’

এদিকে ৩ শ টাকা ঘুষ নেওয়ার বিষয়ে ইউপি সদস্য দয়াল প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো টাকাপয়সা নেইনি শ্রমিকদের থেকে। আমি ছেলেকে ডেকে জানতে চেয়েছি তাঁরা কেন টাকা দিছেন, তখন তাঁরা বলছেন মন্দিরের উন্নয়নের জন্য তাঁরা টাকাটা নিছেন। কার্ড দিয়ে টাকা নেওয়ার কোন যুক্তি নেই। আমি বাগানের মুরুব্বি ও পঞ্চায়েত কমিটিকে নিয়ে বসব, আমার ছেলে যে টাকা উত্তোলন করেছে, তার একটা সঠিক সমাধান করব।’

শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী বলেন, ‘পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য কোনো ধরনের টাকাপয়সা দিতে হয় না। চা–শ্রমিকের জীবনমান উন্নয়নের জন্য এই টাকা দেওয়া হচ্ছে। আমাদের কাছেও অভিযোগ এসেছে এক ইউপি সদস্যের টাকা নেওয়ার বিষয়ে। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।’