মা–বাবার চোখের সামনে তলিয়ে গেল সন্তান

কীর্তিনাশায় নৌকাডুবিতে নিখোঁজ যুবকের স্বজনদের আহাজারি। চোখের সামনে তাঁদের সন্তান নদীতে তলিয়ে যায়। শনিবার নড়িয়া উপজেলার লক্ষীপুর গ্রামে
ছবি: প্রথম আলো

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে ডুবে জাহান উদ্দিন চোকদার (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার ভোরে নিজেদের নৌকায় নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে মাঝনদীতে তলিয়ে যান তিনি। বেলা তিনটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

জাহান উদ্দিন উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আমজাদ চোকদারের ছেলে। তলিয়ে যাওয়ার সময় নদীর তীরে তাঁর মা–বাবা তাঁকে বাঁচানোর জন্য চিৎকার-চেঁচামেচি করছিলেন। কিন্তু চোখের সামনে তাঁদের সন্তান তলিয়ে যান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহান উদ্দিন ইটভাটায় মাটি সরবরাহের কাজ করতেন। তাঁদের বাড়িটি কীর্তিনাশা নদীর তীরে। আজ ভোরে নৌকায় নদী পার হচ্ছিলেন। কিন্তু নৌকাটি মাঝনদীতে থাকতে তিনি পানিতে পড়ে যান। তাঁর চিৎকারে মা–বাবা নদীর তীরে ছুটে আসেন। তখন তাঁদের চোখের সামনে জাহান উদ্দিন তলিয়ে যান। সকাল নয়টার দিকে কীর্তিনাশার তীরে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। বেলা তিনটা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও তাঁর সন্ধান পাননি ডুবুরিরা।

দুপুরে জাহান উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর বাবা আমজাদ ও মা রাশিদা বেগম কান্নাকাটি করছেন জাহানের আট বছর বয়সী ছেলেকে নিয়ে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের তাঁদের বাড়িতে এসে সান্ত্বনা দিতে দেখা গেছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীতে ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন। বেলা তিনটা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। শনিবার নড়িয়া উপজেলার লক্ষীপুর গ্রামে

রাশিদা বেগম প্রথম আলোকে বলেন, ‘ভোরে বের হয়ে দুপুরের পর ছেলে বাড়িতে ফেরে। তার খাবার নিয়ে নদীর ঘাটে গিয়েছিলাম। নদী পার হওয়ার জন্য নৌকা চালানো শুরু করলে আমি বাড়ির দিকে ফেরার জন্য পা বাড়াই। এর মধ্যে ছেলের চিৎকার শুনি। নদীর দিকে তাকিয়ে দেখি, সে তলিয়ে যাচ্ছে। হাতে টর্চলাইট ছিল। লাইট জ্বালিয়ে বাঁচানোর আকুতি জানাচ্ছিল। চোখের সামনে ছেলে নদীর পানিতে তলিয়ে গেল কিছুই করতে পারলাম না।’

জাহানের বাবা আমজাদ চোকদার বলেন, ছেলের চিৎকার শুনে নদীর ঘাটে ছুটে যান। গিয়ে দেখেন স্রোতে জাহান দক্ষিণ দিকে ভেসে যাচ্ছেন। হাত নেড়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। ঘন কুয়াশার কারণে চারদিক আচ্ছন্ন ছিল। এর মধ্যে তাঁদের সন্তান পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, ‘আমাদের চোখের সামনে সন্তান নদীর পানিতে তলিয়ে গেল, কিন্তু বাঁচাতে পারলাম না। এখন ওর সন্তানকে কী জবাব দেব?’

জপসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর বলেন, নিজেদের নৌকা চালিয়ে নদী পার হচ্ছিলেন ওই যুবক। কিন্তু কীভাবে তিনি নদীতে তলিয়ে গেলেন, কেউ বুঝতে পারছেন না। ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি স্থানীয়ভাবে তাঁরা নদীতে খোঁজাখুঁজি করছেন।

নড়িয়া ফায়ার সার্ভিসের দলনেতা (লিডার) রওশন জামিল প্রথম আলোকে বলেন, নৌকায় নদী পারাপারের সময় কীর্তিনাশা নদীতে পড়ে যুবকের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। শরীয়তপুরে ডুবুরি না থাকায় প্রথমে তাঁরা অভিযান চালাতে পারেননি। মাদারীপুর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল আসার পর সকাল নয়টার দিকে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বেলা তিনটা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত আছে।