
সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ঝুমুর এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘সারা দেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন নিয়ে আমি শঙ্কিত, আতঙ্কিত। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে, শুধু বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ গরম রেখেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে কালো টাকার ব্যাপক ছড়াছড়ি হচ্ছে। কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই সুষ্ঠু পরিবেশ না থাকায় কেন্দ্রের নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক মহিউদ্দিন খোকন, সাহিত্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন এমরান, তথ্য ও গবেষণাবিষয়ক নিজাম উদ্দিন খান, জেলা সদস্য মিনহাজুর রহমান, পৌর জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা শুনছি। তিনি কোনো লিখিত অভিযোগ করেননি। তাঁর অভিযোগ সঠিক নয়। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছি।’
এ আসনে অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মিয়া গোলাম ফারুক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার (ট্রাক), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালী আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।
১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটিতে ১২৫টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে ৪ লাখ ৩ হাজার ৭৪৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২ লাখ ৯ হাজার ৯০ জন পুরুষ, ১ লাখ ৯৪ হাজার ৬৫২ নারী ও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।