
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। জুতা পরে চিকিৎসকের কক্ষে ঢোকাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ইমন কারাগারের একটি সেলে থাকেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসার জন্য তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। এ সময় তিনি জুতা পরে চিকিৎসক মো. জাহেদের কক্ষে ঢোকেন। চিকিৎসক তাঁকে হাসপাতালের ভেতরে জুতা পরে প্রবেশ করতে নিষেধ করেন। এতে উত্তেজিত হয়ে চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ইমন। পরে কারা হাসপাতালের কর্মীরা তাঁকে সেখান থেকে সরিয়ে আবার সেলে পাঠিয়ে দেন।
গত ২৯ জুলাই যশোর হয়ে ভারতে পালানোর চেষ্টাকালে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, বিদেশি নম্বর থেকে ফোন করে ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে চাঁদা দাবি করতেন ইমন। চাঁদা না পেলে নিজে অথবা সহযোগীদের দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে গুলি চালাতেন।
অল্প সময়েই চট্টগ্রামের অপরাধজগতে পরিচিত হয়ে ওঠেন ডেভিড ইমন। চাঁদাবাজি, একের পর এক হত্যা, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময় তাঁর নাম এসেছে। কয়েক বছরে তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় জোড়া খুন, একই বছরের ২৩ মে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা, হাটহাজারীতে জোড়া খুন এবং চান্দগাঁওয়ে আফতাব হত্যা মামলাসহ বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়েছে।
ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর বাবা মো. মুসা ওমানে প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা যান।