
ফেনী সরকারি কলেজছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকারের কাছে স্মারকলিপি দেন তাঁরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আবদুল আজিজ, ব্যবস্থাপনা বিভাগের সোহরাব হোসেন শাকিল, ইসলামী ছাত্রশিবিরের জেলা এইচআরডি সম্পাদক হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ সভাপতি সাজ্জাদ হোসেন মজুমদার, শিক্ষার্থী আরিফ হোসাইন, মোসলেহ উদ্দিন মাহাদী, শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০১৯ সালে সর্বশেষ ফেনী সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ একতরফা বিনা ভোটে ছাত্র সংসদের সব পদ দখলে নেয়। এ কারণে ছাত্র সংসদ নির্বাচন এখন শিক্ষার্থীদের দাবি। ফেনী সরকারি কলেজের ২২ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্বের জন্য ছাত্র সংসদের (ফেকসু) প্রয়োজনীয়তা অত্যাবশ্যক বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
শিক্ষার্থীরা এক সপ্তাহের মধ্যে কলেজছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা ও অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার বলেন, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। নির্দেশনা পেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।