
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী মো. সিয়াম হোসেনের খাতা পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে কসবা সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল ৪৪ জন। বিদ্যালয়টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর কসবা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের একমাত্র শিক্ষার্থী মো. সিয়াম হোসেনের জীববিজ্ঞান বিষয়ে ফেল আসে। ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থী সিয়াম ও তার পরিবারের সদস্যরা। সিয়াম হোসেন কুমিল্লা বোর্ডের অধীনে ৪১৮ নম্বর কেন্দ্র কসবা-১ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। তার রোল নম্বর ১৮৪০৪৬।
কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আবুল ফয়েজ আখন্দ বলেন, জীববিজ্ঞান বিষয়ে ফল আবার মূল্যায়ন করার জন্য আবেদন করে সিয়াম হোসেন। গত শুক্রবার বোর্ডের দেওয়া পুনর্মূল্যায়নের ফল অনুযায়ী, সিয়াম জীববিজ্ঞান বিষয়ে জিপিএ–৫ পেয়েছে। এর মাধ্যমে সব বিষয়ে সে জিপিএ–৫ পেল। তাকে নিয়ে বিদ্যালয়টি থেকে জিপিএ–৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের পাসের হার শতভাগ।
সিয়াম হোসেন বলে, জীববিজ্ঞান বিষয়সহ প্রত্যেকটি পরীক্ষায় ভালো হয়েছিল। প্রতিটি বিষয়ে জিপিএ–৫ পাওয়ার কথা। কিন্তু জীববিজ্ঞান বিষয়ে ফেল আসায় সে ভেঙে পড়েছিল। খাতা পুনরায় মূল্যায়নে সব বিষয়ে জিপিএ–৫ আসায় এখন ভালো লাগছে।