পাবনা

ডিবি পরিচয়ে অপহরণ ও ছিনতাই করতেন তাঁরা

গ্রেপ্তার এই ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা আছে বলে দাবি পাবনা জেলা পুলিশ সুপারের
ছবি: প্রথম আলো

ব্যবসা-বাণিজ্য বা অন্যান্য কাজে যাঁদের লেনদেনের পরিমাণ বেশি, তাঁদেরই গতিবিধি পর্যবেক্ষণ করে দলটি। এরপর সুযোগ বুঝে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয় দিয়ে তাঁদের তুলে নেন মাইক্রোবাসে। টাকাপয়সা, স্বর্ণালংকার, মুঠোফোন ছিনিয়ে নিয়ে চোখ বেঁধে গাড়ি থেকে নামিয়ে সটকে পড়েন নিজেরা। এমন ভুয়া একদল ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশ। তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, পুলিশের হ্যান্ডকাপ, ডিবি পুলিশের পোশাক ও অপহরণকাজে ব্যবহার করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকালে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা আছে বলে দাবি পুলিশ সুপারের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাহাকোলা গ্রামের মাসুদ করিম (৪৭), একই উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের আরিফুল ইসলাম (৩২) ও মাসুদ রানা (২৯) উল্লাপাড়া সদরের আরিফুল ইসলাম (৩৩), শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের শরিফুল ইসলাম (৩৮) এবং ভোলার দুলারহাট উপজেলার নুরাবাদ গ্রামের মোহাম্মদ হোসেন (৩৫)।

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, গত ২৫ আগস্ট শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর বাজার এলাকায় জনতা ব্যাংক থেকে আট লাখ টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। ব্যাংক থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। এরপর চোখ-মুখ-হাত বেঁধে টাকা ছিনিয়ে তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় শরিফুল ইসলাম আমিনপুর থানায় ডাকাতির মামলা করেন। এরপরই পুলিশ ডিবি পরিচয় দেওয়া এই ডাকাত দলকে খুঁজতে মাঠে নামে।

পুলিশ সুপার আরও বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে একটি ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর নেতৃত্বে আরেকটি দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তারা প্রথমে দলটিকে শনাক্ত করে। এরপর গত মঙ্গলবার থেকে তিন দিন ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভোলার চরফ্যাশন এলাকা থেকে মাইক্রোবাসসহ অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে ছয় থেকে আটটি পর্যন্ত অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা আছে। তাঁদের দলনেতার দায়িত্ব পালন করতেন মাসুদ করিম। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অপকর্ম করতেন তাঁরা। মোটা অঙ্কের টাকা লেনদেন করেন যাঁরা, তাঁরাই ছিলেন এই দলের মূল লক্ষ্য। গ্রেপ্তারের পর তাঁরা ডিবি পরিচয়ে করা বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছেন। শুক্রবার দুপুরে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান, জেলা ডিবির ওসি আনোয়ার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এমরান মাহমুদসহ জেলা পুলিশের কর্মকর্তারা।