
সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্টের জেরে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে এটি ভুয়া বলে আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অভিযুক্ত ব্যক্তি।
উপজেলার একটি গ্রাম থেকে আজ সোমবার দুপুরে ওই ব্যক্তিকে (৪০) থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে সকালে ওই যুবক থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল প্রথম আলোকে বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে এসেছে। ঘটনার তদন্ত হচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কথা বলেছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রামে পুলিশ আছে। পরিবেশও শান্ত আছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)–কে নিয়ে একটি কটূক্তিকর পোস্ট দেওয়া হয়। পরে এটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়।
গ্রামের এক বাসিন্দা জানান, উত্তেজনা সৃষ্টি হতে পারে ভেবে তাঁরা পুলিশকে খবর দেন। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে নৌকায় ওঠার সময় পেছন থেকে কয়েকজন ঢিল ছোড়েন। পুলিশ তখন সেখান থেকে দ্রুত চলে যায়। পরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও মেহেদী হাসান ওই গ্রামে গিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে বৈঠক করেন। তাঁরা গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ জানান।
এ সময় জুনাব আলী বলেন, পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যাকে ধরা হয়েছে তিনি অপরাধী হলে শাস্তি পাবেন। গ্রামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
এদিকে আটক করার আগে ওই যুবক আজ সকালে তাহিরপুর থানায় একটি জিডি করেন। এতে তিনি উল্লেখ করেন, তাঁর এবং তাঁর পরিবারের অন্যদের ছবি ব্যবহার করে ফেসবুকে যে আইডি খোলা হয়েছে, সেটি ভুয়া। এই আইডি থেকে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য এবং সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।