
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে জগন্নাথপুর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে বাজারের ডাকবাংলো সেতুর মুখে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে তাঁরা দাবি করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুপুর পৌনে ১২টায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে জগন্নাথপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু মাত্র ৪০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে ৩০ মিনিটের বেশি সময় লাগে। এরপর গাড়িতে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভানো বিঘ্ন ঘটে। পরে শান্তিগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল চারটায় ফায়ার সার্ভিস আগুন নেভানো কার্যক্রম বন্ধ করে চলে যায়। রাত আটটায় ওই জায়গায় আবার আগুন দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ‘মান্না ভ্যারাইটিজ স্টোরের’ মালিক জগন্নাথপুর গ্রামের প্রদীপ দে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার তেল ও দুধের গুদামে আগুন লেগে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছাতে ৫ মিনিট সময় লাগার কথা। কিন্তু তারা এসেছে ৩০ মিনিট পর।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব বৈদ্য বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরও আগুন নেভানো যাচ্ছিল না। গাড়িতে পর্যাপ্ত পানি না থাকা ও পানি সরবরাহে সমস্যা হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পরে শান্তিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, ‘আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ভূমিকায় আমরা ক্ষুব্ধ। ফায়ার সার্ভিসকে আরও দায়িত্বশীল হতে হবে। আগুন নেভানোর চার ঘণ্টা পর আবার আগুনের ঘটনা দুঃখজনক।’
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। আগুনের তাণ্ডব বেশি হওয়ায় শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হয়। ৩০ মিনিটের মধ্যে তাঁরা জগন্নাথপুরে এসে আগুন নেভানোর কাজ করেন। তিনি বলেন, যে জায়গায় আগুন লাগে সেখানে অনেক ময়লা-আবর্জনা থাকায় বোঝা যায়নি। তাই আবার কিছু আগুন দেখা গেছে। পরে ভালোভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।