
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জীবনানন্দ কবিতা মেলা। রাজশাহীভিত্তিক কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের আয়োজনে ‘তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো…’ স্লোগান নিয়ে ২১ ও ২২ অক্টোবর দুই দিনব্যাপী এ মেলা হবে। দুই বাংলার শতাধিক কবি ও লেখক এ মেলায় অংশ নেবেন।
শুক্রবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে কবিকুঞ্জ এ ঘোষণা দেয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক। এ ছাড়া প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রুহুল আমিন প্রামাণিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্য কবিরা।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘কবিকুঞ্জ আয়োজিত জীবনানন্দ কবিতা মেলা শুধু দেশ-বিদেশের লেখক-কবিদের মিলনমেলা নয়, এটি ক্রমেই রাজশাহী মহানগরের সাংস্কৃতিক উৎকর্ষতার পরিচয়জ্ঞাপক হয়ে উঠেছে। আবহমান বাংলা ও বাঙালির অসাম্প্রদায়িক শুভবাদী সাংস্কৃতিক অঙ্গীকার বহন করে চলেছে। নানা সীমাবদ্ধতার মধ্যে তারা ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করে চলেছে। ইতিমধ্যেই জীবনানন্দ কবিতা মেলা দেশের পরিসীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
এবারের মেলাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। এবারের কবিকুঞ্জের স্মারকপত্রটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবিকুঞ্জের অন্যতম উপদেষ্টা নিতাই লাল বাছাড়কে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরেণ্য অর্থনীতিবিদ ও রবীন্দ্র-গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহা। অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আসাদ মান্নান, শোয়েব শাহরিয়ার, কবি সরোজ দেব, কথাশিল্পী মামুন হুসাইন, জাকির তালুকদার, কবি ফারুক মাহমুদ, অনীক মাহমুদসহ দেশের শতাধিক কবি ও লেখক। ভারত থেকে এবার অংশগ্রহণ করছেন কবি জয়ন্ত বাগচী, অলোক বিশ্বাস, প্রাণজি বসাক, সৈয়দ হাসমত জালাল শম্পা দাস, মোস্তাক আহমেদ, জীবনানন্দ-গবেষক কবি গৌতম মিত্র প্রমুখ।
২১ ও ২২ অক্টোবর নগরের শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে কবিকুঞ্জ আয়োজিত মেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও একজন কবি এবং একটি ছোটকাগজকে কবিকুঞ্জ পদক দেওয়া হবে। এবার কবিতায় কবি মুহম্মদ শহীদুল্লাহ এবং শহীদ ইকবাল সম্পাদিত ছোটকাগজ ‘চিহ্ন’কে পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, কবি মুহম্মদ শহীদুল্লাহ ষাটের দশকের একজন বলিষ্ঠ কবি। তিনি বগুড়ায় বসবাস করেন। ছোটকাগজ ‘চিহ্ন’ তিন দশক ধরে বাংলা সাহিত্যচর্চার অনন্য অবদান রেখে যাচ্ছে।
মেলার দ্বিতীয় দিন কবি মুহম্মদ শহীদুল্লাহ এবং ছোটকাগজ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালকে আনুষ্ঠানিকভাবে কবিকুঞ্জ পদক-২০২২ প্রদান করা হবে।