
ঢাকার সাভার উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নুর ইসলাম (৪০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উলাইলের পাকিজা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানার মো. শুকুমুদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার জিরানী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সাভার হাইওয়ে থানা-পুলিশ জানায়, মঙ্গলবার পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন নুর ইসলাম। এ সময় মানিকগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নুর ইসলাম। এ সময় চালক ঘটনাস্থলে কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যান। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ছাড়া কাভার্ড ভ্যানটিও জব্দ করে থানায় আনা হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হাকিম বলেন, নিহত নুর ইসলামের বোন থানায় এসেছেন। চালক ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবে তাঁর পরিবার।