
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় উত্তেজনা দেখা দিয়েছে। কাল বুধবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করার বিষয়ে দুই দল অনড় থাকায় বেকাদায় পড়েছে প্রশাসন।
উপজেলার একাধিক সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের দাম ও পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশের ডাক দিয়েছে রায়পুর উপজেলা বিএনপি। কাল বিকেলে রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় এ জনসমাবেশ হওয়ার কথা।
এদিকে একই স্থানে একই সময়ে শোকসভা ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উপজেলা শহরে উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘এটা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি। সে অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপির সমাবেশ বানচাল করতে হঠাৎই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে।’
যেকোনো মূল্যে শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ সফল করা হবে উল্লেখ করে মনিরুল ইসলাম হাওলাদার বলেন, সমাবেশের বিষয়টি লিখিতভাবে জেলা পুলিশ সুপার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ২১ আগস্ট তাঁদের কাছে এ–সংক্রান্ত লিখিত চিঠি দেওয়া হয়।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ওরফে বাবুল পাঠান বলেন, আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ বাস্তবায়নের জন্য দুই দিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রশাসনকে চিঠিও দেওয়া হয়েছে। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।
সমাবেশ করার কথা জানিয়ে আওয়ামী লীগ ও বিএনপি আলাদাভাবে পুলিশ প্রশাসনে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া। তিনি বলেন, দুই পক্ষ একই স্থানে কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিস্থিতি জানানো হবে।