
নাটোরের লালপুর উপজেলায় চার ঘণ্টা নিখোঁজ থাকার পর বাড়ির পাশে ডোবায় পাওয়া গেল শিমলা খাতুন (৪) ও তার চাচাতো ভাই মাঈন উদ্দিনের (৩) লাশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জোকাদহ গ্রামের ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া শিমলা খাতুন উপজেলার জোকাদহ গ্রামের শিপন আলীর মেয়ে ও মাঈন উদ্দিন একই গ্রামের রিপন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শিমলা খাতুন ও মাঈন উদ্দিন বাড়ির আঙিনায় সকাল আটটা পর্যন্ত খেলছিল। এর পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ডোবায় দুজনের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে দুজনকে উদ্ধার করে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ারুজ্জামান বলেন, শিশু দুটির লাশ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। লাশ দুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।