সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণ

আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

আদালত
প্রতীকী ছবি

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আইনজীবী ও সাংবাদিকেরা এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইদ প্রথম আলোকে বলেছেন, ‘আইনজীবীদের সঙ্গে এ নিয়ে আমাদের পক্ষ থেকে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করব। আমাদের কেউ সীমা লঙ্ঘন করে থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

প্রত্যক্ষদর্শী আইনজীবী ও সাংবাদিকেরা জানান, আজ দুপুরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের একটি আদালতে মামলায় সাক্ষ্য দিতে আসেন দুজন পুলিশ সদস্য। এর মধ্যে একজন পুলিশ সদস্য মামলার আলামত রেখে এজলাসকক্ষ থেকে বের হয়ে যান। এতে ওই আদালতের বিচারক অসন্তুষ্ট হন। পরে ওই পুলিশ সদস্যকে ডেকে এনে এজলাসকক্ষে দাঁড় করিয়ে রাখা হয়। এ ঘটনায় এজলাসকক্ষের বাইরে থাকা পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন। তখন আদালতকক্ষের বাইরের সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের ওপর পুলিশ সদস্যরা চড়াও হন।

আইনজীবীরা তখন এ ঘটনায় জড়িত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দাবি জানান।

সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা তখন খুবই উত্তেজিত ছিলেন। তিনি মুঠোফোন বের করে সেই দৃশ্য ধারণ করা চেষ্টা করলে একজন পুলিশ সদস্য তাঁকে জাপটে ধরে মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় তাঁকে ওই পুলিশ সদস্য গালিগালাজও করেন। আধঘণ্টা পর চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আইনজীবী আর জুয়েলসহ আরও কয়েকজন সংবাদকর্মী ও আইনজীবী পুলিশ সদস্যদের কাছ থেকে আমিনুল ইসলামের মুঠোফোন আনতে গেলে বাগ্‌বিতণ্ডা শুরু করেন দুজন পুলিশ সদস্য। একপর্যায়ে সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তাঁরা।

সাংবাদিক এ আর জুয়েল বলেন, ‘আমরা তাঁদের কাছে মুঠোফোন ফেরত চেয়েছিলাম। কিন্তু তাঁরা বারবার “এখন না, পরে” করছিলেন। তাঁরা একপর্যায়ে আমাদের সরিয়ে দিতে ধাক্কাধাক্কি শুরু করেন।’

এ ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা তাৎক্ষণিক সমিতি ভবনে বৈঠক করেন। পরে ওই বৈঠকে পুলিশ কর্মকর্তারাও যোগ দেন। আইনজীবীরা তখন এ ঘটনায় জড়িত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দাবি জানান।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে বলেন, ‘পুলিশ সদস্যরা সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে যে আচরণ করছেন, সেটিতে আমরা ক্ষুব্ধ। আমরাও বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইস প্রথম আলোকে বলেন, ঘটনা শুনেই আইনজীবীরা তাৎক্ষণিক বৈঠক করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে বৈঠকে পুলিশ কর্মকর্তারা আসেন। তাঁরা আশ্বস্ত করেছেন যাঁরাই এ ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা যে আচরণ করেছেন, সেটা পেশাদার নয়। এ কারণেই আমরা তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’