
নিজেকে ঠিকাদার, কখনো বালুমহালের ইজারাদার, আবার কখনো বিত্তশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে মেহেদী হাসান (২৮) নামের এক যুবক ভুয়া কাবিননামায় ছয়টি বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগে জয়পুরহাট সদর থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসানের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পাঞ্চাতীপাড়া কেন্দুলী গ্রামে।
র্যাব সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি মেহেদী হাসানের ষষ্ঠ স্ত্রী র্যাবের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামী মেহেদী নিজেকে ঠিকাদার, ইজারাদার ও বিত্তশালী পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ছয়টি বিয়ে করেছেন। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে লাখ লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন। পরে অন্য এলাকায় গিয়ে একই কাজ করেন। এ কাজে মেহেদীকে সহযোগিতা করেন তাঁর দুই সহযোগী লতিফ (২৫) ও মিন্টু হোসেন (২৪)। অভিযোগ পাওয়ার পর র্যাব-৫ ক্যাম্প থেকে ছায়া তদন্ত শুরু করা হয় এবং এর সত্যতা পাওয়া যায়। পরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জয়পুরহাট সদর থানার জামালপুর এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর দুই সহযোগী লতিফ ও মিন্টু পালিয়ে যান।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, মেহেদী হাসান প্রতারণা করে ছয়টি বিয়ে করেছেন। তিনি শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, মেহেদী হাসানের বিরুদ্ধে তাঁর ষষ্ঠ স্ত্রীর করা প্রতারণা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।