পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুর জেলার মানচিত্র
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুলিশ কর্মকর্তা বাবুল মাতুব্বরের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়ার গ্রামের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

বাবুল মাতুব্বর সদরবেড়া গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় পরিদর্শক পদে কর্মরত।

নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল বলেন, সদরবেড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে এলাকা নিরাপদ ও শান্ত রাখতে অভিযান চালিয়ে ওই পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা বাবুল মাতুব্বর বলেন, ‘আমার বাড়িতে তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে তা আমার জানা নেই।’ তিনি আরও বলেন, গ্রামের বাড়িতে পরিবেশ ভালো না থাকায় তিনি গ্রামে খুব কম যান। কোরবানির ঈদে একবার যান, তবে চলতি বছর তিনি বাড়িতে আসেননি। তাঁর চাচা ও ভাইয়েরা এলাকায় দলাদলি করে বিধায় তিনি তাঁদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেন না।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদরবেড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সালাম মাতুব্বরের (৬২) সঙ্গে আরেফিন খানের (৭০) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নারীসহ চারজন আহত হন। এ সময় অন্তত ১০টি বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অভিযান চালিয়ে বাবুল মাতুব্বর বাড়ির ছাদ থেকে তিনটি সড়কি উদ্ধার করা হয়েছে। এ সময় মারামারির প্রস্তুতি নেওয়ার জন্য পাশের মিলু মুন্সির ভিটায় অর্ধশতাধিক লোকের জন্য রান্না করা খিচুড়ি ও হাঁড়ি-পাতিল জব্দ করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।