
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ৯ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজউল ইসলাম তাঁদের এ নোটিশ দেন। নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের অধিকাংশই নির্বাচন পরিচালনার বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া ৯ জন হলেন ভাঙ্গুড়া মাদারবাড়ীয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান, খানমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল সোবাহান, চকদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সুলতানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, পুকুরপাড় আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান, একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী এবং মণ্ডুতোষ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক আহম্মেদ।
প্রত্যেক শিক্ষককে পৃথকভাবে পাঠানো কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ‘আপনি (আপনারা) একজন শিক্ষক হয়ে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মকবুল হোসেনের পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে তফসিল ঘোষণার পর থেকে প্রকাশ্যে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। এ বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর (ট্রাক প্রতীক) প্রধান এজেন্ট মো. আবদুল ওয়াহিদ লিখিত অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধান করে আপনার (আপনাদের) বিরুদ্ধে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত একজন শিক্ষক হিসেবে নৌকা প্রতীকের পক্ষে সরাসরি প্রচারাভিযানসহ ভোট চাওয়ার বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, যা একটি নির্বাচন-পূর্ব অনিয়ম।’
ওই নোটিশে আরও বলা হয়েছে, ‘আপনার (আপনাদের) এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের মধ্যে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এমন আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৩১ ডিসেম্বর সকাল ১১টায় সশরীর নিম্নস্বাক্ষরকারীর খাসকামরায় উপস্থিত হয়ে আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।’
অভিযুক্ত চার শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বেলা দুইটা পর্যন্ত নোটিশ হাতে পাননি বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ভাঙ্গুড়ার পুকুড়পাড় আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী। তিনি বলেন, ‘এখনো চিঠি পাইনি। তবে এসব অভিযোগ মিথ্যা, সঠিক নয়। কেউ হয়তো ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ দিতে পারেন। চিঠি হাতে পেলে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।’