
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এবার অন্যবারের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এ কারণে সীতাকুণ্ডের ঝরনাগুলোয় এবার পানি অনেকটাই কম। কিছু ঝরনা আছে, শুকনো মৌসুমে যেগুলো শুকিয়ে যায়। তবে পৌর সদরের পন্থিছিলা এলাকার ঝরঝরি ঝরনায় সারা বছর পানি থাকে। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যের কমতি না থাকায় সব ঋতুতেই পর্যটকদের কাছে টানে ঝরনাটি।
ঝরঝরি ঝরনার অবস্থান ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাহাড়ের ভেতরে। পাহাড়ি একটি টিলা পার হয়ে ছড়া ধরে এগোতে থাকলে ঘণ্টাখানেক পর ঝরনাটির দেখা মেলে। গাছ-গাছালির সবুজ সৌন্দর্য গলিয়ে যেতে যেতে সুনসান নীরবতায় ঝিঁঝি পোকার ডাক ও নানা জাতের পাখির কলরব শোনা যায়। বিভিন্ন সময়ে অজগর, সজারু, বনবিড়াল, বনমোরগ ও হনুমানের দেখাও মেলে।
চট্টগ্রাম নগর থেকে ৩২ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা মাজার এলাকায় নেমে এরপর পূর্ব দিকে যেতে হয়। প্রথমে হেঁটে কিংবা রিকশা নিয়ে রেললাইন পর্যন্ত যেতে হবে। এরপর পুরো পথ যেতে হবে হেঁটে।
পর্যটকেরা জানিয়েছেন, ঝরঝরি ঝরনায় পানি নামার পথে মাটি দেখতে অনেকটা সিঁড়ির মতো হওয়ায় এটি স্বর্গের সিঁড়ি নামেও পরিচিত। সীতাকুণ্ডের বেশির ভাগ ঝরনায় টিকিট লাগলেও এ ঝরনায় প্রবেশে টিকিটের প্রয়োজন হয় না। এক ঘণ্টারও বেশি সময় ধরে হাঁটার পর পর্যটকেরা যখন ঝরনার পানি ঝরার শো শো শব্দ শোনেন, তখন তাঁদের আনন্দের সীমা থাকে না।
পর্যটন ব্যবসায়ী সোহেল ইব্রাহিম প্রথম আলোকে বলেন, গতকাল তিনি ১৫ জন পর্যটক নিয়ে ঝরঝরি ঝরনায় এসেছিলেন। এ ঝরনার বিশেষত্ব হলো সারা বছর এখানে পানি থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের ঝরনাটি পর্যটকদের পছন্দ। এ বছরে তিনি দুবার পর্যটক নিয়ে এসেছেন।
গাজীপুরের কাপাসিয়া থেকে ঝরনা দেখতে এসেছেন কলেজশিক্ষার্থী লীনা মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর ছয় বান্ধবী বেড়াতে পছন্দ করেন। তাঁরা ফেসবুকে বিভিন্ন ট্যুর গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। বিভিন্ন প্যাকেজ দেয় অনলাইন ট্যুর গ্রুপগুলো। সুবিধামতো প্যাকেজে তাঁরা ঘুরতে যান। গতকাল তাঁরা ১৫ জন সীতাকুণ্ডের ঝরঝরি ঝরনায় আসেন। এরপর বিকেলে যান গুলিয়াখালী সমুদ্র সৈকতে।
লীনার বান্ধবী লাবণ্য আক্তার বলেন, গাজীপুরে এমন প্রকৃতি দেখা যায় না। ঝরনার পানিতে ইচ্ছেমতো ভেজা সে এক অন্যরকম অনুভূতি। তবে ঝরনার পানি যেখান থেকে নামে, সেখানে পর্যটকেরা উঠতে পারেন। জায়গাটি পিচ্ছিল হওয়ায় পড়ে গিয়ে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
পর্যটকেরা জানিয়েছেন, পুরুষ ও নারী পর্যটকদের একসঙ্গে ঝরনায় আসা যাওয়া করতে দেখলে স্থানীয় কিছু লোক বাজে মন্তব্য করেন। কয়েক মাস আগে ওই ঝরনায় ১৩ জন পর্যটক ছিনতাইয়ের শিকার হন।
রূপসী সীতাকুণ্ড নামে স্থানীয় ট্যুর অপারেটরের অ্যাডমিন সূর্য দাস বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা একা কিংবা কিছু অনভিজ্ঞ ট্যুর ব্যবস্থাপনা গ্রুপের মাধ্যমে পাহাড়ি দুর্গম ঝরনাগুলোতে আসেন। এ কারণে ভুল সময়ে অথবা ভুলপথে যেতে গিয়ে বিপদের সম্মুখীন হন। এসে সীতাকুণ্ডের সুনাম নষ্ট হয়। তাঁরা যদি স্থানীয় ট্যুর অপারেটরদের যুক্ত করতেন, তাহলে পর্যটকেরা নিরাপদে ভ্রমণ করতে পারতেন।