
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে আমরণ অনশন করছেন বিভাগটির শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখার সময় তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অনশন কর্মসূচি পালন করছিলেন। এতে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার বেলা ১১টা থেকে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। আর গতকাল বুধবার রাত থেকে শুরু করেন অনশন কর্মসূচি।
অসুস্থ হয়ে পড়া সাত শিক্ষার্থী হলেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কবির হোসেন ও মাহাবুব জামান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল আল মামুন, আতিকুজ্জামান শান্ত সাহা, সুমন আলী ও তানভীর হোসাইন। তাঁদের মধ্যে পাঁচ শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনশনরত শিক্ষার্থীরা বলেন, তাঁরা গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে কোনো কার্যক্রম লক্ষ করা যায়নি। তাই গতকাল বুধবার রাত আটটা থেকে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ আলি তোহা বলেন, ‘আমরা গতকাল রাত থেকে আমরণ অনশনে বসেছি। সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত আসেনি। বারবার কল করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এনে অসুস্থ পাঁচ শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের একটাই দাবি, আমাদের বিভাগে শিক্ষক চাই। শিক্ষক নিয়োগ না দিলে আমরা এখান থেকে উঠব না।’
এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুবের মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রতিনিধিদের সঙ্গে গতকাল বুধবার তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ আবার বৈঠকে বসেছেন, হয়তো ভালো একটি সিদ্ধান্ত আসবে। তিনি আরও বলেন, অনিবার্য কারণে আজ বিশ্ববিদ্যালয় এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু ভর্তি কার্যক্রম চলবে।