নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে চালক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার অভিযুক্ত চালকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
ওই ব্যবসাপ্রতিষ্ঠান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় গাড়িচালক জাহিদ হাসানকে (৩০) আসামি করা হয়েছে। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইউ শ্যালীর গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে প্রতিষ্ঠানের গাড়িতে চেয়ারম্যানকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়িটি থামান জাহিদ। পরে ইউ শ্যালী খাবার খেতে হোটেলের ভেতরে যান। এ সময় চালক গাড়িটি গুলশানের একটি কফিশপের পার্কিংয়ে রেখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। খাওয়া শেষে সেখানে ফিরে চেয়ারম্যান গাড়ি ও চালককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। চালকের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
মামলার বাদী আকরামুল ইসলাম বলেন, পরবর্তী সময় গাড়িচালক চেয়ারম্যানের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠান। সেখানে তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না, বাঁচব কি না। যদি বেঁচে থাকি, আপনার টাকা ফেরত দেব। আমি এখন কাঁদছি। কারণ, আমি বিশ্বাস ভঙ্গ করেছি।’
আকরামুল জানান, পরে গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির পেছনের ডালায় রাখা এক কোটি টাকার ব্যাগটি পাওয়া যায়নি। ওই চীনা নাগরিক প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। গাজীপুরে তাঁর চারটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি গুলশানে বসবাস করেন। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশেও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
রূপগঞ্জ সার্কেলের (গ–সার্কেল) সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।