জগতের সব প্রাণীর শান্তি কামনা করে পঞ্চশীল গ্রহণ, উপাসনাসহ ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতায় বান্দরবানে চলছে প্রবারণা উৎসব বা ওয়াগ্যোয়াই পোয়ে। শত শত ধর্মপ্রাণ উপাসকের উপস্থিতিতে বিহারগুলো উৎসবমুখর হয়ে উঠেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ফানুস ওড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের উৎসব শুরু হয়েছে। মাঙ্গলিক রথ শোভাযাত্রা ও বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
আজ রোববার সকালে বান্দরবান শহরের বোমাং রাজবিহার ও উজানীপাড়া বিহারে গিয়ে দেখা যায়, দায়ক-দায়িকারা ভান্তেদের (ভিক্ষু) ছইং (আহার্য) নিয়ে ভিড় করছেন। ভান্তে ছইং প্রদানের পর ভগবান বুদ্ধের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও সুখ-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করছেন। সকাল নয়টার দিকে সমবেত প্রার্থনা, গৃহীদের পঞ্চশীল গ্রহণ, অষ্টশীলধারীদের অষ্টশীল প্রদান অনুষ্ঠান হয়েছে। পরে ভিক্ষুসংঘের ভিক্ষুরা উপাসক-উপাসিকাদের ধর্মীয় দেশনা প্রদান করেন।
ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন কমিটির কর্মসূচি অনুযায়ী বিকেলে ও রাতে বিহারগুলোয় হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানো হবে। ধর্মীয় গুরুরা দায়ক-দায়িকাদের উদ্দেশে দেশনা (ধর্মীয় উপদেশ) প্রদান করবেন। এ ছাড়া সন্ধ্যায় শত শত পঞ্চশীল গ্রহণকারী নারী-পুরুষ বিহারে গিয়ে মোমবাতি জ্বালিয়ে ভগবান বুদ্ধের কাছে মঙ্গল কামনা করবেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাংস্কৃতিক কর্মকর্তা চথুইপ্রু মারমা জানিয়েছেন, বোমাং রাজপরিবারের কেন্দ্রীয় রাজবিহারে সোমবার সন্ধ্যায় উপাসনা শেষে মাঙ্গলিক রথ শোভাযাত্রা বের করা হবে। ‘ছংরাসি ওয়াগ্যোয়াই হ্লা, রাথা গ্যোয়ে হ্লাগেমে (চল সবাই ওয়াগ্যোয়াই উৎসবের রথ টানা অনুষ্ঠানে যায়) গানের সুরে রথ শোভাযাত্রা জেলা শহরে উজানীপাড়া ও মধ্যমপাড়া সড়ক প্রদক্ষিণ করবে। এ সময় হাজারো নারী, শিশু ও পুরুষ বাসাবাড়ি থেকে বের হয়ে মাঙ্গলিক রথে মঙ্গলবাতি জ্বালিয়ে মঙ্গল কামনা করবেন।
বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ে পূর্ণিমা থেকে আশ্বিন মাসের পূর্ণিমা পর্যন্ত তিন মাস বিহারের বাইরে রাত যাপন করেন না। তাঁরা অধিকাংশ ক্ষেত্রে ধ্যানে থাকেন। বৌদ্ধধর্মে ভিক্ষুদের এ সময়টাকে বর্ষাবাস বলা হয়। আশ্বিন মাসের পূর্ণিমায় বর্ষাবাসের সমাপনী দিনকে প্রবারণা উৎসব বলা হয়। মারমা ভাষায় এটিকে ওয়াগ্যোয়াই পোয়ে বলা হয়। বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে মারমারা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এখানে মূলত ওয়াগ্যোয়াই পোয়ে নামে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করা হয়।