
রাজশাহীর পুঠিয়া উপজেলায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ডাম্পট্রাকের চাপায় ছেলেশিশুসহ বাবা নিহত হয়েছেন। আজ বুধবার বেলা দুইটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে কলাহাট এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. কাওসার (২৬) ও কাওসারের ছেলে মো. রেদোয়ান (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কাওসার। তাঁর সঙ্গে ছিলেন ছেলে রেদোয়ান। পথে বানেশ্বর কলাহাটের পাশে তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে একটি ডাম্পট্রাক। এতে ঘটনাস্থলে নিহত হন দুজন। এ ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী পলাতক। ট্রাকটি পবা হাইওয়ে থানায় নেওয়ার পথে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জামেল হক খান বলেন, নাটোরের দিকে যাচ্ছিল ডাম্পট্রাকটি। এটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। প্রথমে উত্তেজিত জনতা ট্রাকটির সামনের কাচ ভেঙে দেয়। পরে ট্রাকটি থানায় নেওয়ার পথে আগুন ধরিয়ে দিয়েছে।