ইয়াবা রাখার দায়ে তিন যুবকের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড

কারাগার
প্রতীকী ছবি

প্রায় আট হাজার ইয়াবা বড়ি রাখার দায়ে ৩ যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন নাটোরের জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

ওই তিন যুবক হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরের নাহারুল ইসলাম ব্যাপারী (২৮), আকসেদ আলী (৩৪) ও বনপাড়ার হাসানুর জামান (৩৩)।

আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বড়াইগ্রাম থানার ৭ হাজার ৯৪০টি ইয়াবা রাখার একটি মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ মাদক রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ওই জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাঁদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাটোর র‌্যাব ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম ২০১৮ সালের ১৫ আগস্ট সঙ্গীয় ফোর্সদের নিয়ে বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেল আরোহী ওই ৩ যুবককে আটক করে তল্লাশি করে তাঁদের কাছে ৭ হাজার ৯৪০টি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় এসআই শাহ আলম বাদী হয়ে মামলা করেন। মামলাটি বড়াইগ্রাম থানার এসআই তারেকুল ইসলাম ও নাটোর র‌্যাব ক্যাম্পের এস আই মহোশিন আলী যৌথভাবে তদন্ত করেন এবং একই বছরের ২৮ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

মামলাটি বিচারের জন্য দায়রা জজ আদালতে এলে ১০ সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় ওই তিন যুবককে কারাদণ্ড দেওয়া হয়।

দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম ওই রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।