পঞ্চগড়ে পার্কে বেড়াতে গিয়ে বাসের ধাক্কায় শিশু নিহত

নিহত শিশুর স্বজনেরা আহাজারি করছেন।শুক্রবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে চাচার সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এর আগে বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাওয়াই সেতুসংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়।

নিহত শিশুর নাম মো. রিফাত (৬)। সে সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় বাসের চালক শরিফুল ইসলামকে (৩৩) আটক করেছে পুলিশ।

স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ইজাজ (৯) ও তার ছোট ভাই রিফাতকে চাওয়াই সেতুসংলগ্ন মুক্তাঞ্চল পার্কে বেড়াতে নিয়ে যান তাদের চাচা আনোয়ার হোসেন। পার্কে ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার সময় তারা পঞ্চগড়-বাংলাবান্ধা সড়ক পার হচ্ছিল। রিফাত কিছুটা সামনে চলে গেলে পঞ্চগড় থেকে আসা তেঁতুলিয়াগামী নুসাইবা পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রিফাতকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি জব্দ করেছে পুলিশ। এ সময় বাসের চালককেও আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।