ছেলেকে নির্যাতনের ভিডিও বাবাকে দেখিয়ে মুক্তিপণ আদায়ে গ্রেপ্তার আরও দুই

লিবিয়ায় ছেলেকে নির্যাতনের ভিডিও দেখিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবির অভিযোগে আজ বুধবার এই দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব
ছবি: প্রথম আলো

লিবিয়ায় ছেলেকে আটকে রেখে নির্যাতন করে সেই ভিডিও দেখিয়ে বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির ঘটনায় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার সকালে ওই দুই ব্যক্তিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শরিয়তপুর সদর উপজেলার সলিপুর ব্যাপারীপাড়া গ্রামের গিয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৪০) ও সখীপুর উপজেলার রাড়িকান্দি গ্রামের মৃত আবদুর রহমান সরদারের ছেলে শাকিল (৪০)।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে এই চক্রের মূল হোতা হাফিজুর রহমানকে (৪৫) ঢাকার নয়াপল্টন থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। হাফিজুর রহমান ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী গ্রামের আ. সাত্তারের ছেলে।

নির্যাতনের শিকার তরুণের নাম লিটন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, গতকাল গ্রেপ্তার হওয়া হাফিজুরকে আজ আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামীকাল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

গ্রেপ্তার শফিকুল ও শাকিলকে ঘাটাইল থানা–পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়ে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লিটনকে ভালো বেতনের কথা বলে গত ৩ জানুয়ারি লিবিয়ায় পাঠান গ্রেপ্তার হাফিজুর রহমান। লিবিয়ায় পৌঁছানোর পর হাফিজুরের সহযোগীরা তাঁকে আটকে রাখেন। তাঁরা লিটনকে মারধর করে তাঁকে দিয়ে তাঁর বাবার মুঠোফোনে কল করান। জোর করে তাঁকে দিয়ে বলান যে লিবিয়ায় ভালোভাবে পৌঁছেছেন। ভালো আছেন। হাফিজুরকে ৩ লাখ ২৫ হাজার টাকা দিতেও বাবাকে অনুরোধ করেন লিটন। ছেলের কথামতো হাফিজুরকে টাকাটা দিয়ে দেন আবদুল কুদ্দুস।

পরে ৯ ফেব্রুয়ারি লিটনের বাবাকে লিবিয়া থেকে ইমোতে ভিডিও কল দেওয়া হয়। এ সময় লিটনকে আটকে রেখে মারধর করার ভিডিও দেখানো হয়। তাঁরা মুক্তিপণ বাবদ লিটনের বাবার কাছে ১৩ লাখ টাকা দাবি করেন। না দিলে লিটনকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ খবর পাওয়ার পর র‍্যাব সদস্যরা এই চক্রের মূল হোতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেন। হাফিজুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানান, তিনি তাঁর সহযোগী শফিকুল ও শাকিলের মাধ্যমে লিটনকে লিবিয়ায় পাঠান। তাঁর লোকজন সেখানে লিটনকে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছেন।

এরপর লিটনের বাবা বাদী হয়ে গতকাল সকালে ঘাটাইল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ওই তিনজনকে আসামি করে মামলা করেন। পরে হাফিজুরকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।