জনগণকে বোকা বানানো আ.লীগের চিরাচরিত অভ্যাস: আলাল

সিলেট মহানগর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের আয়োজনে বুধবার বিকেলে সিলেট নগরের ভাতালিয়া এলাকার মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
 ছবি প্রথম আলো

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করা, জনগণকে বোকা বানানো আওয়ামী লীগের চিরাচরিত অভ্যাস। তারা জনগণের সঙ্গে তামাশা করতে গিয়ে নিজেরাই উপহাসের পাত্রে পরিণত হয়েছে।

বুধবার বিকেলে সিলেট নগরের ভাতালিয়া এলাকার মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতি, পরিবহন ভাড়া বৃদ্ধি, অব্যাহত লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির ১১ নম্বর ওয়ার্ড কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খসরুজ্জামান। এটি যৌথভাবে সঞ্চালনা করেন শেখ কবির আহমদ, অর্জুন ঘোষ ও মালেক আহমেদ। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম। এতে আরও বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত গর্বের সঙ্গে বলে আসছে তারা বিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণ। প্রতিদিন ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। অথচ দেশের প্রতিটি খাতে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার করলে খরচ হয় ১৪ হাজার মেগাওয়াট। তাহলে কেন বিদ্যুৎ খাতে এই বিপর্যয়। তারা দেশের প্রতিটি খাতকে ধ্বংস ও বিতর্কিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিতে কালিমা লেপন করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, নজীবুর রহমান নজীব, সদস্য জিয়াউল হক জিয়া, সদস্য মাহবুব কাদির শাহী, মুকুল আহমদ মোর্শেদ, আক্তার রশীদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল উদ্দিন, আবুল কালাম, মহানগর যুবদলের সদস্যসচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল ওয়াহিদ সুহেল, আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেওয়ান জাকির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আজিজ হোসেন, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর শ্রমিক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন জীবন প্রমুখ।