দুই দিন ধরে জ্বর। আর দাঁড়িয়ে থাকতে না পেরে ক্লান্ত ইসমাইল মাটিতেই বসে পড়েছে। বয়স তার সাত কিংবা আট। চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পাশে দাঁড়ানো মর্জিনা বেগম (৩৮) পরম মমতায় একবার ছেলের কপালে হাত রাখেন। ‘জ্বরটা আবার বাড়ছে’ বলে বিড়বিড় করতে করতে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ মাটিতে বিছিয়ে নেন। নিজেও বসে পড়েন ইসমাইলের পাশে। ছোট্ট ইসমাইল ততক্ষণে মায়ের কোলে মাথা রেখে মাটিতেই শুয়ে পড়েছে।
মঙ্গলবার বিকেল চারটা। হেমন্তের সূর্য ততক্ষণে অনেকটা নিস্তেজ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আদমপুর এলাকায় টিসিবির পণ্যের জন্য অপেক্ষায় থাকা মর্জিনা ও ইসমাইলের মতো শত শত নারী ও শিশুর অবস্থা এই সূর্যের মতো। হাতে টিসিবির কার্ড, চোখ-মুখে ক্লান্তি। তাঁদের কেউ জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন, কেউ মাটিতেই বসে পড়েছেন। যাঁদের ভাগ্য ভালো, তাঁরা বসেছেন সড়কের পাশে রাখা সিমেন্টের তৈরি পিলার, ইটের টুকরা কিংবা করাতকলে নেওয়ার অপেক্ষায় থাকা গাছের গুঁড়ির ওপর।
টিসিবির ট্রাকে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি পাওয়া যায় ৪০৫ টাকায়। বাজারদর থেকে কম। সে কারণেই পাশের ষোলপাড়া থেকে দুপুর ১২টায় এসেছেন মর্জিনা। নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ইসমাইলকে বাসায় রেখে এসেছিলেন। বলে এসেছিলেন, পণ্য দিয়ে দুপুরের মধ্যেই বাড়ি ফিরে যাবেন। কিন্তু সময়মতো টিসিবির ট্রাক না আসায় দুপুর গড়িয়ে বিকেল হয়। মর্জিনার বাড়ি ফিরতে দেরি হওয়ায় মায়ের খোঁজে বের হয়েছে ইসমাইল।
মর্জিনা বলেন, তাঁর স্বামী বাবুল মিয়া ভ্যানে করে মৌসুমি ফল বিক্রি করেন। মর্জিনা কাজ করেন এলাকার একটি রুটির কারখানায়। দুজনের আয়ে ছেলে-মেয়ের পড়াশোনাসহ সংসারের যাবতীয় খরচ চালাতে হয়। মর্জিনা রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত কাজ করেন। সকালে বাড়ি এসে রান্নাবান্না করেন, ছেলে-মেয়েকে স্কুলে পাঠান। এরপর ঘুমান।
মর্জিনা মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফিরেছিলেন সকাল সাড়ে আটটায়। রান্না শেষে দুই ঘণ্টা ঘুমিয়ে নেন। দুপুর ১২টা বাজতে না বাজতে টিসিবি কার্ড, বাজারের ব্যাগ আর টাকা হাতে বের হন তিনি। এর আগে তিনবার টিসিবির পণ্য নিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে ভেবেছিলেন পণ্য নিয়ে দুপুরের মধ্যে বাড়ি ফিরে যাবেন। তারপর আরও দু-তিন ঘণ্টা ঘুমিয়ে নেবেন।
মর্জিনা যখন নিজের দিনরাত্রির গল্প শোনাচ্ছেন, তখন বারবার তাঁর ঘুমহীন চোখ চলে যায় পাশের সড়ক ধরে ছুটে চলা ট্রাকের দিকে। একে একে অনেক ট্রাক ছুটে যায়, কিন্তু টিসিবির ট্রাক আর আসে না। এভাবে বিকেল সাড়ে চারটা। বোঝাই পণ্য নিয়ে টিসিবির ট্রাক এসে থামে নির্দিষ্ট স্থানে। ছেলেকে দাঁড় করিয়ে রেখে সেখানে ছুট দেন মর্জিনা।
ছয় বছরের ছেলে জুনাইদকে নিয়ে আসা সোনারগাঁয়ের গার্মেন্টসশ্রমিক সেলিনা আক্তার (৩৬), বৈদ্যের বাজারের বাদল রানী (৭৫) ও অন্নলক্ষ্মী রানীও (৬০) তখন মর্জিনার মতো ট্রাকের কাছাকাছি ভিড় জমিয়েছেন। যদিও আগেই তাঁদের কার্ড ও টাকা নিয়ে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে; তবু ট্রাকের কাছাকাছি দাঁড়াতে পারলে যেন স্বস্তি পান।
তবে ট্রাকের কাছে দাঁড়িয়েও যেন স্বস্তি নেই পুরোনো টিপরদী এলাকার লিলু বেগম (৬৫) ও সেতারা বেগমের (৫৫) মতো কারও কারও। দুপুরের আগে এসেছিলেন। অপেক্ষায় বিকেল হওয়ার পর অচেনা এক ব্যক্তি এসে তাঁদের ১০ জনের কার্ড ও টাকা নিয়ে গেছেন সিরিয়াল দেবেন বলে। তারপর আর সেই ব্যক্তির দেখা পাচ্ছেন না তাঁরা। এ নিয়েই যত ভাবনা তাঁদের।
এরই মধ্যে দেখা মেলে আদমপুরের টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা তমাল ট্রেডার্সের মোস্তফা কামালের সঙ্গে। দিনভর এমন অপেক্ষার কথা বলতে গিয়ে তিনি অনুতপ্ত হলেন। বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার যে গোডাউন থেকে পণ্য নিয়ে আসা হয়, সেটি বেশ পুরোনো। একই সঙ্গে একটির বেশি ট্রাক গোডাউনে যাতায়াত করতে পারে না। তা ছাড়া সম্প্রতি টিসিবির পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তাঁর পাঠানো ট্রাক বোঝাই হতেই বেশি সময় নিয়েছে।
ততক্ষণে পণ্য দেওয়া শুরু হয়েছে। হুমড়ি খেয়ে পড়েছেন নারী, পুরুষ ও শিশুরা। সেখানে আর আলাদা করে মর্জিনাকে খুঁজে পাওয়া যায় না। পণ্য পেয়েছেন কি না জানতে রাত সাড়ে সাতটায় মুঠোফোনে কথা হয় মর্জিনার সঙ্গে। তিনি তখন কাজের উদ্দেশ্যে ঘর ছেড়েছেন। জানালেন, বাড়ি ফিরতে সন্ধ্যা সাড়ে ছয়টা বেজে যায়। তারপর রান্নার আয়োজন। গ্যাসের চাপ কম থাকায় রান্না শেষ হয়নি। বাকি রান্নার দায়িত্ব মেয়েকে বুঝিয়ে দিয়ে কাজে বের হয়েছেন তিনি। নির্ঘুম চোখেই রাতভর কাজ করতে হবে তাঁকে।