
২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে সাতক্ষীরার কলারোয়ায় হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকালে দুই মামলায় সাফাই সাক্ষ্য দিয়েছেন তালা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩–এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে তিনি সাক্ষ্য দেন।
এ নিয়ে আসামিপক্ষের আবেদন করা ২৩ সাফাই সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিলেন ৮ জন। আগামী ১৫ মার্চ যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। এর আগে ১৬ জানুয়ারি চারজন, ১০ জানুয়ারি একজন, ৩০ জানুয়ারি দুজন সাফাই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ বলেন, আজ সকাল সোয়া ১০টার দিকে আসামিপক্ষের সাফাই সাক্ষী শুরু হয়। আসামি কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রকিব হোসেনের পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন তালা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম। এ সময় আদালতের কাঠগড়ায় কারাগার থেকে আনা ৩৯ আসামি হাজির ছিলেন। নয়জন পলাতক। ইতিমধ্যে দুজন কারাবন্দী অবস্থায় মারা গেছেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুল মজিদ, মিজানুর রহমান, শাহানা আক্তার প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল লতিফ, অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফাহিমুল হক।
সাতক্ষীরার জজ আদালতের পরিদর্শক মাহমুদ হোসেন বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার সময় দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কলারোয়ায় বিএনপির অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তার ওপর দাঁড় করিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালান। হামলায় আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী আহত হন।
এ ঘটনায় করা তিনটি মামলার মধ্যে একটি মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামসহ ৫০ নেতা-কর্মীকে ৪ থেকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।