কুমিল্লা চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে ১৩ ঘন্টা ধরে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে
কুমিল্লা চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে ১৩ ঘন্টা ধরে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে

চুরির অভিযোগে শিশুকে ১৩ ঘণ্টা শিকলে বেঁধে নির্যাতন, এবড়োখেবড়ো করে কাটা হয় চুল

কুমিল্লায় চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে শিকল দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক চা-দোকানি ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ সময় শিশুটির মাথার চুলও এবড়োখেবড়ো করে কেটে দেওয়া হয়। প্রায় ১৩ ঘণ্টা শিকলে বেঁধে রাখার পর তাকে উদ্ধার করে পুলিশ।

গত রোববার দিবাগত রাত থেকে সোমবার বিকেল চারটা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজারে শিশুটিকে নির্যাতন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের ঘটনায় সোমবার দিবাগত রাতে শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

মামলায় ওই বাজারের চা-দোকানি বাবুল হোসেন (৪৯) ও তাঁর ভাতিজা সায়মন হোসেনের (২০) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এরপর গতকাল মঙ্গলবার বাবুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শিশুটির মাথার চুল এবড়োখেবড়ো করে কেটে দেওয়া হয়

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটি বাজারের এক পাশে ঘাসের ওপর বসে আছে। তার ডান পায়ে লোহার শিকল পরানো। মাথার চুল এবড়োখেবড়ো করে কাটা। ভিডিওতে এক ব্যক্তিকে শিশুটির পরিচয় ও সেখানে বেঁধে রাখার কারণ জানতে চাইতে শোনা যায়। শিশুটি নিজের নাম বলে। দোকান থেকে চুরির অভিযোগে আগের দিন রাত থেকে তাকে সেখানে বেঁধে রাখা হয়েছে বলে জানায় সে।

এজাহারে শিশুটির মা উল্লেখ করেন, সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি জানতে পারেন তিনি। এর আগের দিন রাতে তাঁর ছেলে ও ছেলের এক বন্ধুর (১১) বিরুদ্ধে বাবুলের চায়ের দোকানে চুরির অভিযোগ করা হয়। বাবুলসহ অন্যরা তাদের আটক করেন।

এজাহারে আরও বলা হয়, বাবুলের দোকানে বাজার সমিতির জমা রাখা ৪৪ হাজার টাকা খোয়া যায়। এ ঘটনায় বাবুল তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁর ছেলে ও তার বন্ধু টাকা নেওয়ার কথা স্বীকার করে। তখন তাঁর ছেলের কাছ থেকে ২০ হাজার টাকা ফেরত নেওয়া হয়। তবে ছেলের বন্ধু টাকা ফেরত না দিয়ে পালিয়ে যায়। এরপর বাবুলসহ অন্যরা শিশুটিকে শিকল দিয়ে বেঁধে রাখেন। বাবুলের ভাতিজা সায়মন শিশুটির মাথার চুল এবড়োখেবড়ো করে কেটে দেন। তাঁরা শিশুটিকে বেঁধে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তার বাবুল হোসেন

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেন, দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে শিশুটির ওপর নির্যাতন করা হয়। বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গত রোববার দিবাগত রাত তিনটা থেকে পরদিন সোমবার বিকেল চারটা পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টা শিশুটি শিকলে বাঁধা ছিল। ওই দিন রাতে শিশুটির মায়ের করা মামলায় বাবুলকে গ্রেপ্তার করা হয়।

ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, শিশুটি যদি চুরি করেও থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।