
যশোর সদর উপজেলায় ১৪ বছরের এক কিশোরী সন্তান জন্মদানের পর তার পরিবার অভিযোগ করেছে, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামের সদর উপজেলার এক ব্যক্তিকে। ওই ব্যক্তির স্ত্রী ও তিন সন্তান আছে।
ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে। গত রোববার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি হাসপাতালে সে একটি ছেলেসন্তানের জন্ম দেয়। কিশোরী ও নবজাতক সুস্থ থাকলেও বিপাকে পড়েছে কিশোরীর পরিবার। সন্তানের পিতৃপরিচয় ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর আলম নামের ওই আসামির বয়স ৫৫ বছর আর মেয়েটির বয়স ১৪ বছর। মেয়েটির পরিবার বিপাকে আছে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে মেয়েটির বিয়েও দেওয়া যাচ্ছে না আবার সন্তানটি পিতৃপরিচয়ও পাচ্ছে না। এ পরিস্থিতিতে সন্তানটি কাউকে দত্তক দেওয়ার বিষয়ে ভাবছেন মেয়ের স্বজনেরা। তিনি বলেন, এ ঘটনায় গতকাল রাতে মামলা হওয়ার পর থেকে পলাতক আসামি জাহাঙ্গীর।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত মে মাসে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তখন চিকিৎসকের কাছে নিলে পরিবারের সদস্যরা জানতে পারেন মেয়েটি অন্তঃসত্ত্বা। এরপর মেয়েটি জানায়, জাহাঙ্গীর হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেছিলেন। এ বিষয়ে কাউকে জানালে পরিবারসহ সবাইকে হত্যার হুমকি দিয়েছিলেন জাহাঙ্গীর। সে জন্য ভয়ে বিষয়টি গোপন রাখে কিশোরী। পরবর্তী সময় ওই কিশোরীর বাবা অভিযুক্ত জাহাঙ্গীরের ভাই ও স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেনের কাছে যান। তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি। মেয়েটিকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর রোববার ওই কিশোরী সন্তানের জন্ম দেয়।
ইউপি সদস্য আকরাম হোসেন সাংবাদিকদের বলেন, তাঁর ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়টি তিনি জানেন। গতকাল সকাল থেকে জাহাঙ্গীর নিখোঁজ বলে তিনি জানান।