লক্ষ্মীপুরে বাড়ির উঠানে দুধের কৌটায় মিলল ‘শক্তিশালী’ বোমা

বাড়ির উঠানে দুটি দুধের কৌটা থেকে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে
ছবি: পুলিশের সৌজন্যে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ির উঠানের গর্ত থেকে পাঁচটি ‘শক্তিশালী’ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। এ পাঁচটি বোমা দুটি দুধের কৌটায় রাখা ছিল।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটার ভেতরে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে বুধবার আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।

উদ্ধার হওয়া পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। আজ বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে

খবর পাওয়ার পর গতকাল রাতে ডিএমপির চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে। তখন সেগুলো আইইডি বোমা বলে নিশ্চিত হন দলের সদস্যরা। বিস্ফোরণের ঝুঁকি থাকায় বোমাগুলো নিষ্ক্রিয় করার আগপর্যন্ত সেখানে পুলিশি পাহারা অব্যাহত রাখা হয়।

পুলিশ জানায়,  ৩ নভেম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনটায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর পরদিন ওই বাড়ির উঠানে দুধের কৌটা দুটি পাওয়া যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিশ্চিত হন। আজ বেলা সাড়ে ১১টার দিকে দলটি বোমাগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে। প্রতিটি কৌটার ওজন প্রায় তিন থেকে চার কেজি। ভেতরে স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে পুলিশের সন্দেহ হয়েছিল।