আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্টেশনের উত্তর দিকে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে দুই তরুণ-তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে আখাউড়া রেলওয়ে থানা–পুলিশ।

আজ দুপুর সোয়া ১২টা পর্যন্ত ওই তরুণ–তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই তরুণের আনুমানিক বয়স ২৪ বছর ও তরুণীর আনুমানিক বয়স ২০ বছর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেন পৌঁছায়। রাত ১২টার দিকে স্টেশন এলাকাসংলগ্ন সুইপার কলোনির দিক থেকে আসা দুই তরুণ-তরুণী স্টেশনের ৩ নম্বর রেললাইনের ওপর বসেন। সাড়ে ১২টার দিকে তিতাস কমিউটার ট্রেন জংশন থেকে স্থান পরিবর্তন করে (সান্টিং) বগি রাখার নির্ধারিত স্থানের দিকে যাচ্ছিল। এ সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুই তরুণ-তরুণী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়। পরে আজ সকালে দুই তরুণ-তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার প্রথম আলোকে বলেন, ওই তরুণ–তরুণী মদ্যপ অবস্থায় রেললাইনের ওপর বসে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।