
গাজীপুরের কাপাসিয়ায় প্রাচীন একটি গাছ আগুনে পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গাছটির বেশির ভাগ অংশ পুড়ে যাওয়ায় এটি আর বেঁচে থাকার মতো অবস্থায় নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, আগুনে গাছটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গাছটি আর বাঁচার মতো অবস্থায় নেই। কীভাবে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়ভাবে গাছটি চড়ুল বা চডুল নামে পরিচিত। দেখতে অনেকটা বটগাছের মতো।
গাছটির মালিকানা দাবি করা স্থানীয় বাসিন্দা হাসিম মুন্সি আজ সোমবার সকালে বলেন, তাঁর দাদা গাছটি তাঁর বাবাকে দিয়ে গেছেন। এর পর থেকে এটি তাঁদের জমিতে আছে।
গাছটির বয়স প্রায় ৪০০ বছর বলে দাবি করেছেন হাসিম মুন্সি। এ কারণে গাছটির এমন ক্ষতিতে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘কখনো গাছটির একটি ডালও কাটিনি। কাপাসিয়ায় এর চেয়ে পুরোনো গাছ আর ছিল না।’ তাঁর ধারণা, কেউ পরিকল্পিতভাবে গাছের নিচে জ্বালানি দিয়ে আগুন ধরিয়ে থাকতে পারেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের কাছে মৌখিক অভিযোগও দিয়েছেন।
আমার দাদা আমার বাবাকে বলে গেছেন, কাপাসিয়া উপজেলায় এর চেয়ে পুরোনো গাছ নেই। আমি এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কফিল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য
গাছটির নিচে একসময় হাতি কেনাবেচা হতো বলে মুরব্বিদের কাছে শুনেছেন স্থানীয় বাসিন্দা জাকির হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গাছটি এলাকার মানুষের কাছে পরিচিত। পথচারীরা এর ছায়ায় বিশ্রাম নিতেন। কয়েক প্রজন্মের স্মৃতি জড়িয়ে থাকা গাছটি এভাবে পুড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা কষ্ট পেয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, ‘আমার দাদা আমার বাবাকে বলে গেছেন, কাপাসিয়া উপজেলায় এর চেয়ে পুরোনো গাছ নেই। আমি এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’