
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত ১৫টি তালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। সাপ্তাহিক ছুটির (বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর) যেকোনো সময় গোয়ালন্দ শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব–সংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু খোয়া গেছে কি না, তা আজ সোমবার সকাল পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে ভূমি কার্যালয়টির এক কর্মকর্তা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।
গতকাল উজানচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়টির পেছনে জানালার লোহার গ্রিল কাটা। ভেতরে দরজার তালাসহ আলমারি ও ক্যাবিনেটের সবগুলো লক ভাঙা এবং নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
কার্যালয়টির উপসহকারী কর্মকর্তা আনছার আলী জানান, গতকাল সকালে এসে কার্যালয়ের দরজার তালা তিনি খুলতে পারেননি। ভেতর থেকে দরজার ছিটকিনি লাগানো ছিল। পরে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, জানালার গ্রিল ভাঙা। দুর্বৃত্তরা রেকর্ড রুমের তালা ভেঙে ২টি আলমারির ৬টি ড্রয়ারের তালা এবং ফাইল ক্যাবিনেটের ৮টি লকসহ মোট ১৫টি তালা ভেঙে মালামাল তছনছ করেছে।
কার্যালয়টির ভেতরে নগদ কোনো টাকা ছিল না জানিয়ে আনছার আলী বলেন, ল্যাপটপ, কম্পিউটার ও প্রিন্টার যথাস্থানে আছে। রেকর্ডপত্র কিছু নিয়েছে কি না, তা জানা যায়নি। প্রতিটি রেকর্ড বই যাচাই করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, টাকার সন্ধানে ঢুকেছিল দুর্বৃত্তরা।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, ‘দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ কোনো নথি নিয়েছে কি না, তা আমরা তীক্ষ্ণভাবে খতিয়ে দেখছি। বিষয়টি নিশ্চিত হতে আরও সময় লাগবে।’
মামলার বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।’