
কয়রা উপজেলা খুলনা জেলার অন্তর্গত হলেও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যক্রম পরিচালিত হয় সাতক্ষীরা জেলা থেকে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ দপ্তরটি ভিন্ন জেলায় অবস্থিত হওয়ায় জরুরি মুহূর্তে দাপ্তরিক পদক্ষেপ নিতে কালক্ষেপণ হয় বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।
স্থানীয় বাসিন্দারা জানান, তিন দিকে নদীবেষ্টিত কয়রা উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন। আর এ সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ দপ্তরটির অবস্থান ভিন্ন জেলায় হওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় যেমন কালক্ষেপণ হয়, তেমনি সার্বক্ষণিক নজরদারি না থাকায় বেশির ভাগ কাজ হয় নিম্নমানের। এতে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক মানুষ।
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের বিষয়টি জেলা মাসিক সমন্বয় সভায় প্রতিবারই উপস্থাপন করা হয়। কিন্তু কোনো ফল আসে না। কোনো অভিযোগ থাকলে প্রথমে খুলনার জেলা প্রশাসককে জানাতে হয়। পরে তাঁর মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসককে জানাতে হয়। ভিন্ন জেলায় হওয়ায় কয়রার বাঁধ সংস্কারে পাউবোর কর্মকর্তাদের আগ্রহ কম।
পাউবো সূত্রে জানা যায়, ১৯৭২ সালে পাউবো প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা-১ ও সাতক্ষীরা-২ বিভাগ করা হয়। এর মধ্যে পাউবোর সাতক্ষীরা–২ বিভাগের আওতায় সাতটি পোল্ডারের মধ্যে কয়রায় ১৪/১ ও ১৩-১৪/২ নামে দুটি পোল্ডার অন্তর্ভুক্ত হয়। তখন থেকে কয়রা খুলনা জেলার একটি উপজেলা হলেও পাউবোর কার্যক্রম সাতক্ষীরা জেলার অধীনে রয়েছে।
কয়রার দক্ষিণ বেদকাশী এলাকার ঘের ব্যবসায়ী মাসুম বিল্লাহ বলেন, পাউবো কর্মকর্তারা কয়রায় না থাকায় বাঁধ মেরামতের সুবিধা-অসুবিধার কথা জানানো যায় না। দুর্যোগে বাঁধ ভেঙে হাজার হাজার বিঘা জমির চিংড়িঘের ভেসে যায়। চলতি বছরও তিনবার বেড়িবাঁধ ভেঙে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুলনা পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফি উদ্দিন বলেন, কয়রায় পাউবোর কার্যক্রম খুলনার অধীনে আনতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগে খুলনা থেকে কয়রার যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় সাতক্ষীরার অধীনে দেওয়া হয়েছিল। এখন যোগাযোগব্যবস্থা ভালো। ফলে এখন ওই জেলার অধীনে থাকার প্রয়োজনীয়তা নেই। ভবিষ্যতে কয়রায় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগ স্থাপন করে পানি উন্নয়ন বোর্ডের এ অঞ্চলের যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন হবে।
তবে পাউবোর সাতক্ষীরা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলছেন, দূরত্ব বিবেচনায় কয়রা সাতক্ষীরার অধীনে রয়েছে। সাতক্ষীরা থেকে কয়রার দূরত্ব ৬২ কিলোমিটার হলেও খুলনা থেকে প্রায় ১০০ কিলোমিটার। আর কয়রায় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগ স্থাপনের বিষয়টি অনেক সময়সাপেক্ষ বিষয়।