কারা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট গ্রামে
কারা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন।
সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট গ্রামে

‘আগের থেকে তীব্রভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে’

কারাগারে থাকা অবস্থায় মারা যাওয়া গাজীপুরের দুই বিএনপি নেতার পরিবারের সঙ্গে দেখা করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। তিনি বলেন, আগে যা ছিল, তার চেয়ে আরও ব্যাপকভাবে আন্দোলন হবে। দু–এক মাসের মধ্যে তারা নিজেরাই দেখবেন এমন পরিস্থিতি তৈরি করবে, আগের থেকে তীব্রভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে।

আজ সোমবার বেলা দুইটার দিকে জেলার শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট গ্রামের আসাদুজ্জামান হীরা খানের (৫০) বাড়িতে যান জয়নুল আবেদিন। সেখানে তিনি নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে হীরার কবর জিয়ারত করেন। আসাদুজ্জামান হীরা খান কাওরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে সকালে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্বপাড়া ডোয়াইপাখুরি গ্রামের মো. শফি উদ্দিনের (৭২) বাড়িতে পরিবারটির লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। শফি উদ্দিন কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্বপাড়া ডোয়াইপাখুরি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

গত বছরের ১ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় আসাদুজ্জামান হীরা খানের। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির একটি গণসমাবেশে যাওয়ার সময় তিনি পুলিশের হাতে আটক হন। পরে বিস্ফোরক আইনের একটি মামলায় ২৯ অক্টোবর তাঁকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। এরপর ১০ নভেম্বর তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।

অপর দিকে কাপাসিয়ার শফি উদ্দিনকে গত বছরের ২৬ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান। শফি উদ্দিন শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত কারণে কারা হেফাজতে গাজীপুর সদর ও ঢাকা মেডিকেলে কয়েক দফা চিকিৎসাধীন ছিলেন। সবশেষ গত বছরের ২৫ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
আসাদুজ্জামান হীরা খানের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, ‘এই সরকার মানবতায় বিশ্বাস করে না। মানবতায় বিশ্বাস করে না বলেই তারা জেলখানায় যাঁদের নিয়ে গেছে, তাঁদের দায়িত্ব, তাঁদের স্বাস্থ্যের অবস্থা, জীবন রক্ষা করার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।’

সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জয়নুল আবেদিন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (সরকার) ৭ তারিখে একতরফাভাবে একটি ভুয়া নির্বাচন করেছে। যে নির্বাচনকে বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই মেনে নেয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের যারা সমর্থক, তারাও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সারা পৃথিবীর মানুষ প্রত্যাখ্যান করেছে।’

কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করা ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় জয়নুল আবেদিনের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (বাচ্চু), গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওমর ফারুক সাফিন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার প্রমুখ।

বিএনপির চিকিৎসাধীন চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পর্কে দলের ভাইস চেয়ারম্যান বলেন, ‘নেত্রী চিকিৎসাধীন আছেন, তবু আমরা মনে করি নেত্রী বর্তমান সরকারের কাছে বন্দী অবস্থায় আছেন। তিনি আপনাদের খোঁজখবর রাখছেন। তিনি আমাদের পাঠিয়েছেন আপনাদের সবার খোঁজ রাখার জন্য।’