২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এবার কম সময় নিয়ে সীমিত সিলেবাসে এসএসসি পরীক্ষা হচ্ছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের পরীক্ষার প্রস্তুতি, ব্যবস্থাপনাসহ নানা দিক নিয়ে প্রথম আলো সঙ্গে কথা বলেছে বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস ছালামের সঙ্গে।

প্রথম আলো: এসএসসি পরীক্ষা শুরু। আপনাদের প্রস্তুতি কেমন?
মো. আবদুস ছালাম: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলার ১ হাজার ৭৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৮৯ হাজার ৬৭৮ শিক্ষার্থী এ বছর ২৭৪টি পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষা দেবে। এবার পরীক্ষা হবে দুই ঘণ্টার। বেলা ১১টা থেকে ১টার মধ্যে পরীক্ষা শেষ হবে। দুপুরের পর কোনো পরীক্ষা নেই। ইতিমধ্যে প্রশাসন ও বোর্ড মিলে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই টিম বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে যাবে। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আমরা নকলকে ‘না’ বলি। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম আলো: পরীক্ষা এলে বিভিন্ন ধরনের গুজব রটানো হয়। এগুলো কীভাবে মোকাবিলা করেন?
মো. আবদুস ছালাম: বুধবার একাধিক ব্যক্তি ফোন করে জানতে চেয়েছেন, পরীক্ষা ঠিক সময়ে হবে কি না? আমি বলেছি, নির্ধারিত সময়ে পরীক্ষা হবে। কোনো ধরনের গুজবে কান দেবেন না। এ সময়ে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে একটি অসাধু চক্র গুজব রটায়। গুজবে কান দেওয়া থেকে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক থাকবে হবে। আমরা সতর্ক আছি।
প্রথম আলো: গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে। ২৫ হাজারের বেশি ছাত্রী এক বছরেই ঝরে গেছে। এটা কেন হলো?
মো. আবদুস ছালাম: দেখুন, এবারের এসএসসি পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে যখন নাম নিবন্ধন করেছিল, তখন করোনাকাল ছিল। ২০২০ সালে ওরা নাম নিবন্ধন করে। তখন ২ লাখ ২০ হাজার ২৮৯ জন নিবন্ধন করেছিল। কিন্তু এবার এসএসসি পরীক্ষায় নাম নিবন্ধন করে ১ লাখ ৮৩ হাজার ৩৪৩ জন। এর মধ্যে ৩৭ হাজার ৬৪৬ জন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না। তাদের মধ্যে ২৫ হাজার ৭৫৩ জন মেয়ে। ১১ হাজার ৮৯৩ জন ছেলে। মেয়েদের এত ঝরে পড়া আমাকে বিস্মিত করেছে। সরকার মেয়েদের উপবৃত্তি দিচ্ছে। মেয়েরা পরীক্ষা দিয়ে ভালো ফল করছে। আমার মতে, সিলেবাসের সঙ্গে খাপ খাওয়ানো, বাল্যবিবাহ, করোনাকালে পারিবারিক নানা ধরনের অসুবিধা কারও কারও থাকতে পারে। মানবিকের ১৮ হাজার ও ব্যবসায় শিক্ষা শাখার ৬ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। বিজ্ঞান বিভাগে অবশ্য ঝরে পড়ার হার কম। আর পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে বলছি, গত বছর এসএসসিতে ৯৬ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ফেল করেছে কম। যে কারণে পরীক্ষার্থীও কম। অন্যবার ফেল করা শিক্ষার্থীরা যুক্ত হয় বেশি। এবার কম।
প্রথম আলো: ঝরে পড়া রোধে করণীয় কী?
মো. আবদুস ছালাম: বোর্ডের একার পক্ষে এটা রোধ করা সম্ভব নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও শিক্ষাসংশ্লিষ্ট মহলকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শহরের তুলনায় গ্রামে ঝরে পড়ার সংখ্যা অপেক্ষাকৃত বেশি। এটা নিয়ে স্কুলে স্কুলে সচেতনতামূলক কর্মশালা করা যেতে পারে। অভিভাবক-সমাবেশ ও মতবিনিময় সভা করা যেতে পারে। তৃণমূলে এসব কাজ করলে ঝরে পড়ার হার কমবে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
মো. আবদুস ছালাম: প্রথম আলোর পাঠকদেরও ধন্যবাদ।