
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়ির অদূরে জঙ্গলের পাশ থেকে আসিফ মিয়া (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আসিফ মিয়া উপজেলার ডোয়াইবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবা জাকির হোসেন ও মা আসমা খাতুন। নানা আবুল কালামের বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন আসিফ।
আজহার উদ্দিন নামের আসিফের এক স্বজন জানান, গতকাল সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি আসিফ। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশের জঙ্গলে তাঁর গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর পাঠান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে তাঁর অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, বাড়ির পাশেই আসিফের অটোরিকশা পড়ে ছিল। কিছুটা দূরে জঙ্গলে পাওয়া যায় তাঁর লাশ। লাশের আশপাশে একটি ওড়না, ক্যাপ, দুই জোড়া জুতা ও নারীদের ব্যবহৃত মাথার ক্লিপ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।