
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য খেজুরের গুড়ের কার্টনের মধ্যে করে হেরোইন বহন করছিলেন এক ব্যক্তি। তবে তাঁর শেষ রক্ষা হয়নি। আজ শুক্রবার ভোরে নাটোরের হরিশপুর বাস টার্মিনাল থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
তাঁর নাম হান্টু মণ্ডল (৩৩)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের বাসিন্দা।
আজ দুপুরে নাটোর র্যাব ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা আজ ভোরে গোয়েন্দা সূত্রে খেজুরের গুড়ের পাটালির মধ্যে করে হেরোইন পাচারের খবর জানতে পারে। খবর পেয়ে তারা নাটোরের হরিশপুর বাস টার্মিনালে অপেক্ষমাণ হান্টু মণ্ডল নামের এক যুবককে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা গুড়ের পাটালির কার্টন তল্লাশি করা হয়। এ সময় কার্টনের মধ্যে থেকে ২১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্টু তাঁদের বলেছেন, সীমান্তবর্তী এলাকা থেকে তিনি হেরোইন সংগ্রহ করেন। এসব মাদক ঢাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
আজ সকালে তাঁকে নাটোর সদর থানায় সোপর্দ করে মাদকের মামলা করে র্যাব। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, এ ব্যাপারে মাদকের মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত হান্টু মণ্ডলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।