
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন।
আবদুর রাশেদ লিখিত বক্তব্যে বলেন, তিনি ১৯৬৮ সাল থেকে আওয়ামী লীগের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত আছেন। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালের পর দলীয় স্থবিরতা কাটাতে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ঘুরে দলকে সংগঠিত করেছেন। কিন্তু পরিতাপের বিষয় যে বর্তমানে উপজেলা আওয়ামী লীগ কয়েকজনের হাতের তালুতে বন্দী হয়ে আছে। তবে এ তিনজনের বাইরেও দলে অনেক শক্তিশালী লোক আছেন। তাঁরা সবাই তাঁর পক্ষে কাজ করবেন। তাই তিনি উপনির্বাচনে প্রার্থী হতে চান। তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন, তা মেনে নেব। দলীয় সিদ্ধান্তের প্রার্থীর পক্ষে কাজ করব।’
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী সভাপতিত্ব করেন। ইসমত আলী বলেন, ‘১৯৭৩ সালের পর এ আসনে নৌকার প্রার্থী জয় পাননি। এবার আমরা চাই আবদুর রাশেদের মতো একজন প্রবীণ অভিজ্ঞ কর্মী ও মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিককে দল যথাযথভাবে মূল্যায়ন করবে। এলাকার মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি, একজন বীর মুক্তিযোদ্ধাকে নৌকার প্রার্থী করা হোক।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার সরাইল ও আশুগঞ্জ এই দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হন। ১১ ডিসেম্বর আবদুস সাত্তার জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।