যুবদল কর্মী শহিদুলের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

যুবদল কর্মী শহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে যুবদল কর্মী শহিদুল ইসলাম ওরফে শাওন নিহত হওয়ার ঘটনায় পুলিশ সদস্যসহ ৩৫৯ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন মুন্সিগঞ্জ আমলি আদালত-১। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার এ আদেশ দেন। আদালতের পেশকার ইমরান হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন মামলাটি ২০৩ ধারায় খারিজ করা হয়েছে।

পুলিশের গুলিতে শহিদুল ইসলাম ওরফে শাওনের মৃত্যুর অভিযোগে ৬ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এর বিচারকের কাছে মামলার আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার আবেদন গ্রহণ করেন। সেদিন আদালত শুনানি শেষে আজ সোমবার আদেশের দিন ধার্য করেন।
মামলার বাদী সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় বিএনপির অনুমতি সাপেক্ষে মুন্সিগঞ্জ আদালতে শাওন হত্যার মামলার আবেদন করা হয়েছিল। যেহেতু আদালত মামলার আবেদন খারিজ করে দিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত নেবেন। মামলার পরবর্তী করণীয় বিষয় নিয়ে সভা হবে। মামলাটির জন্য হাইকোর্টেও আবেদন করা হতে পারে।

এদিকে মামলায় মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ ৯ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছিল। মামলার বাদী সালাউদ্দিন খান কেন্দ্রীয় কৃষক দলের সদস্য।

মামলার আবেদনে বলা হয়েছিল, ২১ সেপ্টেম্বর বেলা তিনটায় মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরোনো ফেরিঘাটের কোল্ডস্টোরেজের সামনে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল। সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই নেতা-কর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। এর একপর্যায়ে অতি উৎসাহী হয়ে মুন্সিগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাত থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ছিনিয়ে নেন। এ সময় মিনহাজুল ইসলাম পা দিয়ে ব্যানার মাড়াতে থাকেন। পরে মিনহাজুল ইসলাম মারমুখী হয়ে ওঠেন এবং তাঁর নির্দেশে পুলিশ সদস্যরা নেতা-কর্মীদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেটসহ সশস্ত্র আক্রমণ শুরু করেন।

হামলার শিকার হয়ে বিএনপির নেতা-কর্মীরা আহত অবস্থায় এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় পূর্বপরিকল্পনার অংশ হিসেবে নাম উল্লেখ করা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুজ্জামান, সদর থানা উপপরিদর্শক মো. ফরিদ উদ্দিন, মো. আরিফুর রহমান, সুকান্ত বাউল, সহকারী উপপরিদর্শক নকুল চন্দ্র ধর, অজিত চন্দ্র বিশ্বাস ও মন্টু বৈদ্য ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন পুলিশ সদস্যদের সঙ্গে ২০০ থেকে ৩০০ জন সন্ত্রাসী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে। যুবদল নেতা শহিদুল তখন ঘটনাস্থল থেকে চলে যেতে লাগলে পুলিশ শহিদুলের কপালের ডান দিকে গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহিদুল মারা যান। শহিদুলের মৃত্যুর কারণ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরের পাশে মুক্তারপুরে ২১ সেপ্টেম্বরে বেলা তিনটার দিকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গুলিতে শহিদুল ও বিএনপির সমর্থক জাহাঙ্গীর মাতবর (৩৮) গুরুতর আহত হন। পরদিন রাতে শহিদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।