মরিচা পড়ে কোথাও তৈরি হয়েছে বড় ছিদ্র, কোথাও উঠে গেছে পাটাতন। তদারকি নেই। ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে পথচারীদের।

রেলসেতুটি লোহার তৈরি। তুরাগ নদের ওপর। মূল সেতুর পাশে মানুষের পারাপারের জন্য রাখা হয়েছে হাঁটার সরু পথ। মরিচা পড়ে হাঁটার পথে অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে। কোথাও উঠে গেছে পাটাতন। নেই মেরামতের উদ্যোগ, নেই কোনো তদারকি। ঝুঁকি নিয়ে এই পথে নদ পারাপার হচ্ছে মানুষ। কখনো কখনো ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও।
গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় তুরাগ নদের ওপর পাশাপাশি অবস্থানে রয়েছে দুটি রেলসেতু। এর মধ্যে পূর্বপাশের রেলসেতুর অবস্থা নাজেহাল। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এবং যথাযথ তদারকি না থাকায় মরিচা পড়ে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, নদের এক পাড়ে টঙ্গীর বউবাজার, আরিচপুর, টঙ্গীবাজার, মিরাশপাড়া, জামাইবাজারসহ অন্যান্য এলাকা। অন্য পাড়ে রাজধানী ঢাকার আবদুল্লাহপুর, ফায়দাবাদ ও উত্তরা এলাকা। এর মধ্যে পূর্ব পাশের সেতুটির একাংশে রাখা হয়েছে মানুষ পারাপারের পথ।
বিদ্যালয়, কলেজ, বাজার, পোশাক কারখানাসহ বিভিন্ন প্রয়োজনে হাজারো মানুষ এপাড় থেকে ওপাড়ে যাতায়াত করেন। অথচ সেতুটির হাঁটার পথের বিভিন্ন অংশে মরিচা পড়ে ক্ষয় হয়ে গেছে। কোথাও ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। কোথাওবা উল্টে আছে পাটাতন।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত সেতু ব্যবহারকারীদের অভিযোগ, রাজধানী ঢাকার উত্তরা ও আবদুল্লাহপুরের সঙ্গে গাজীপুরের টঙ্গীকে যুক্ত করার অন্যতম একটি বড় মাধ্যম এই রেলসেতু। প্রতিদিন অসংখ্য মানুষ সেতুটির পাশে হাঁটার পথ দিয়ে চলাচল করেন। তারপরও সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। দিনের বেলা কোনোরকম দেখেশুনে পার হতে পারলেও রাতে পথচারীদের বেশি ভুগতে হয়। একদিকে অন্ধকার অন্যদিকে সেতুর বেহাল দশা, সব মিলিয়ে বিপদে পড়তে হয় তাঁদের। কখনো কখনো রাতের অন্ধকারে সেতুর ছিদ্রে পা আটকে যায়।
সেতুসংলগ্ন একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক দিন আগেও সেতুর ভাঙা অংশে পা ঢুকে এক স্কুল ছাত্রের পা কেটে গেছে। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে। এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী আসা-যাওয়া করে। এর মধ্যে সবাই সেতু পার হতে গিয়ে এক ধরনের ঝুঁকির মধ্যে থাকে। সবাই ভয় পায়।’
টঙ্গীর বউবাজার এলাকার সপ্তম শ্রেণির ছাত্র ফাহিম হোসেন প্রতিদিন সেতু পার হয়ে উত্তরার একটি স্কুলে যায়। এই প্রতিবেদককে সে বলে, ‘সেতুটি এমনিতেই চাপা জায়গা। অনেক মানুষ একসঙ্গে পার হওয়া যায় না। তার ওপর ট্রেন এলে থরথর করে কাঁপে। এর মধ্যেই আমাদের স্কুলে যেতে হয়। মাঝেমধ্যে খুব ভয় লাগে।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) আবু জাফর মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে সেতুটি মেরামতে ঠিকাদার নিয়োগ করেছি। তাঁরা কিছু দিনের মধ্যেই কাজ শুরু করবে। কাজ হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না।’